ক্ষেতলালে যুবককে পিটিয়ে হত্যা, আহত ১

ক্ষেতলালে যুবককে পিটিয়ে হত্যা, আহত ১
উদ্ধার করা আহত যুবক। ছবি: আমার দেশ

জয়পুরহাটের ক্ষেতলালে বাদশা (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাজেদুল ইসলাম (২২) নামে আরও এক যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শনিবার ভোরে উপজেলার মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় রাস্তার ওপর তাদের পড়ে থাকতে দেখে স্থানীয় মাছ শিকারি নাজমুল আসাদুল ও কুদ্দুস পুলিশকে খবর দেন। পরে ক্ষেতলাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত, অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করে।

বিজ্ঞাপন

আহত মাজেদুল জানান, শুক্রবার বিকেলে জামালগঞ্জ চারমাথা এলাকা থেকে তাদের তুলে নিয়ে একটি বাড়িতে আটকে রাখা হয়। পরে রাত ১১টার দিকে পদ্মপুকুর এলাকায় এনে দুজনের হাতপা বেঁধে গভীর রাত পর্যন্ত পার্শ্ববর্তী এলাকার ৯ জন মিলে তাদের মারধর করে। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ভোরে জ্ঞান ফিরলে পাশে বাদশার মরদেহ দেখতে পান। তিনি হামলাকারীদের নাম না জানলেও দেখলে চিনতে পারবেন বলে জানান।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, আহত মাজেদুলকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহত বাদশার লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন