ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির সভাস্থলে কওমি ছাত্রদের কর্মসূচি, অনুমতি নেই জেলা প্রশাসনের

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির সভাস্থলে কওমি ছাত্রদের কর্মসূচি, অনুমতি নেই জেলা প্রশাসনের
জেলা শিল্পকলা একাডেমির প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বনির্ধারিত এনসিপির সভাস্থল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ডাক দিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক জানান, ব্রাহ্মণবাড়িয়া নিয়ে মিথ্যাচার করায় হাসনাত আবদুল্লাহকে ক্ষমা চাইতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা না করায় নতুন করে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান বলেন, ‘আমরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজনৈতিক অনুষ্ঠান আয়োজনের জন্যই জেলা প্রশাসককে জানিয়েছিলাম। ঘরোয়াভাবে কি রাজনৈতিক অনুষ্ঠান হয় না? আমরা বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি এবং আমাদের নির্ধারিত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।’

তবে জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, এনসিপি শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠান করবে বলে জানিয়েছিল, কোনো রাজনৈতিক সমাবেশের কথা জানায়নি। শিল্পকলা একাডেমি কোনো রাজনৈতিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয় না, তাই সেভাবে অনুমতি দেওয়ার সুযোগ নেই। আর মাদরাসা শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। জেলা প্রশাসনের অনুমতি না থাকায় সেখানে কোনো পক্ষই মিলনায়তন ব্যবহার করতে পারবে না।

জানা গেছে, শনিবার বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে শুক্রবার মধ্যরাতে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মাদরাসা শিক্ষার্থীরা সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ প্রকাশ করেন। এ সময় হাসনাত আবদুল্লাহ ক্ষমা না চাইলে এনসিপির নির্ধারিত অনুষ্ঠান প্রতিহত করার ঘোষণা দেন বিক্ষুব্ধরা।

উদ্ভূত পরিস্থিতিতে শনিবার বিকেল ৩টায় এনসিপির নির্ধারিত সভাস্থলেই ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের নতুন কর্মসূচি ঘোষণা করে কওমি ছাত্র ঐক্য পরিষদ।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন