বর্ষার পর শুষ্ক মৌসুমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যকর হবে বলে জানিয়েছেন মন্ত্রী দুলু। তিনি বলেন, তিস্তার সঙ্গে ১৪টি শাখা নদী রয়েছে। মাটি খনন করে পানি ধরে রাখতে হবে। এ লক্ষ্যে সরকার কাজ করছে।
রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শুষ্ক মৌসুমে তিস্তা নদীতে পানির সংকট দেখা দেয়। উজান থেকে পানি না পেলে এবং পার্শ্ববর্তী দেশ পানি না দিলে আমাদের পানি ধরে রাখতে হবে। এ জন্য সার্ভিস ওয়াটারের মাধ্যমে পানি ধরে রাখার ব্যবস্থা করা হবে।
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা এবং রোগীসেবার মানোন্নয়নে তদারকি জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি। হাসপাতালটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
দুলু বলেন, হাসপাতালের পরিচ্ছন্নতা ও রোগীসেবার মান বাড়াতে তিনি নিয়মিত হাসপাতালের পরিচালক ও গণপূর্ত অধিদপ্তরের (PWD) প্রকৌশলীর সঙ্গে কথা বলে বিষয়গুলো নজরদারিতে রাখছেন। হাসপাতালটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছেন বলেও জানান তিনি।
তিনি জানান, হাসপাতালের লাইটিং ব্যবস্থা ও সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে ইতোমধ্যে সভা হয়েছে। খুব শিগগিরই এসব বাস্তবায়নের মাধ্যমে দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশ্বস্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ সংশ্লিষ্টরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

