রাজধানীর গুলশানে অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুদকের করা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ ফের পিছিয়ে আগামী বছরের ১১ জানুয়ারি ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালত এ তারিখ নির্ধারণ করেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে এ মামলায় আসামি পক্ষে অভিযোগ গঠন বিষয় শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আসামিপক্ষের আবেদন মঞ্জুর করে নতুন করে ওই তারিখ ধার্য করেন আদালত।
এর আগে গত ৮ এপ্রিল এ মামলায় আসামিদের আদালতে হাজির হতে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) গেজেট প্রকাশের জন্য ছিল। গেজেট প্রকাশিত হওয়ায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জজ মো. সাব্বির ফয়েজের আদালত মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ বদলির আদেশ দেন।
গত ১৮ ফেব্রুয়ারি এ মামলায় দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নেয় আদালত। ওই আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।
অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলায় অভিযোগ, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর ফ্ল্যাট (ফ্ল্যাট নং বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি (পুরনো), বর্তমানে- ১১৩, ১১বি (নতুন), রোড নং ৭১) দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন। পরে গত বছরের জুলাই মাসে আসামি শাহ খসরুজ্জামান মামলার তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট করেন।
তার রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট খসরুজ্জামানের তদন্ত তিন মাসের জন্য স্থগিত করে। পরে চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়। পরে তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


