চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘বৈশাখী উদ্যোক্তা মেলা-১৪৩৩’-এ দেশীয় ঐতিহ্যবাহী পণ্যের পাশাপাশি চীন থেকে আমদানিকৃত নানা সামগ্রীর সমাহার দেখা গেছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত দুই দিনব্যাপী এ মেলায় দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মেলাটি আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
মেলায় ‘কারুকুটি’ স্টলে পাটের তৈরি ব্যাগ, ফ্লোর ম্যাট, সুপারির খোলের প্লেট-বাটি ও শীতলপাটির জুতা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। পরিবেশবান্ধব এসব পণ্য ঘিরে শিক্ষার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। স্টলটির মার্কেটিং ম্যানেজার কাওসার হাবিব জানান, তাদের প্রতিষ্ঠানটি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এবং পাট মন্ত্রণালয়ের নিবন্ধিত এবং বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে এসব পণ্যের চাহিদা বাড়ে।
অন্যদিকে ‘গিফট বাস্কেট বাই কানিজ গার্লস প্রাইওরিটি’ নামের একটি স্টলে নারী শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। সেখানে চীন থেকে আমদানিকৃত স্কিন কেয়ার পণ্য, ফেসিয়াল মাস্ক, গয়না ও কৃত্রিম নখ বিক্রি করা হয়। স্টলটির উদ্যোক্তা চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী কানিজ সুলতানা কিয়া জানান, মেলায় অংশ নিয়ে তিনি প্রত্যাশার চেয়েও বেশি বিক্রি করতে পেরেছেন।
এছাড়া চট্টগ্রাম কমার্স কলেজের শিক্ষার্থী সুলতানা মীমও মেলায় অংশ নিয়ে নারীদের পোশাক ও কসমেটিকস পণ্য বিক্রি করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বাইরের শিক্ষার্থী হয়েও এ ধরনের মেলায় অংশ নিতে পেরে তিনি আনন্দিত এবং ভবিষ্যতে একটি বড় শোরুম দেওয়ার পরিকল্পনা রয়েছে।
মেলায় মোট ৭৫টি স্টল অংশগ্রহণ করে। এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান।
মেলার আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আগ্রহ তৈরি এবং দেশীয় পণ্যের প্রসারে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মেলা শেষে পণ্যের মান ও উপস্থাপনার ভিত্তিতে সেরা তিনটি স্টলকে পুরস্কৃত করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

