খেলার প্রথমার্ধ শেষে আল নাসর পিছিয়ে ২-০ গোলে, দল খেলছিল ১০ জন নিয়ে, আর সেই পরিস্থিতিতে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এমন নাটকীয় ও থ্রিলারে ভরপুর ম্যাচে সব সমীকরণ উল্টে দিয়ে আল ইত্তিফাকের বিপক্ষে ৩-২ গোলের ঐতিহাসিক জয় তুলে নিয়েছে আল নাসর।
দাম্মামে সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসর শুরু থেকেই ধাক্কা খায়। খেলার মাত্র ১২ মিনিটে দলটির ব্রাজিলিয়ান গোলকিপার বেন্তো প্রতিপক্ষের ফুটবলারকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের সুযোগ নিয়ে ৩১ মিনিটে এবং প্রথমার্ধের অতিরিক্ত সময়ে জোড়া গোল করে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয় আল ইত্তিফাক।
অফ-ফর্মে থাকা মহাতারকা রোনালদোর জন্য প্রথমার্ধ একেবারেই ভালো কাটেনি। পুরো ৪৫ মিনিটে মাত্র সাতবার বল স্পর্শ করা রোনালদো একটির বেশি শট পোস্টে রাখতে পারেননি। গোল পরিশোধে মরিয়া আল নাসর কোচ অ্যাঞ্জ পোস্তেকোগলু দ্বিতীয়ার্ধের শুরুতেই এক সাহসী সিদ্ধান্ত নেন—মাঠ থেকে তুলে নেন অধিনায়ক রোনালদোকে, যা পর্তুগিজ তারকা ভালোভাবে মেনে নিতে পারেননি।
তবে কোচের কৌশলগত পরিবর্তনই ম্যাচের রূপ বদলে দেয়। ১০ জন নিয়ে খেলে রোনালদোহীন আল নাসর দ্বিতীয়ার্ধে দারুণ আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ৭৪ মিনিটে সাদিও মানের নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান কমায় আল নাসর (২-১)। ম্যাচের ৭৭ মিনিটে সমতা ফেরান আবদুল্লাহ আল আমারি।
ইনজুরি টাইমে সাদিও মানি নিজের দ্বিতীয় ও দলের জয়সূচক গোল করে আল নাসরকে অবিশ্বাস্য জয় এনে দেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আল নাসর কোচ জানান, 'আমরা দ্বিতীয়ার্ধে ভিন্ন কৌশল নিয়েছি এবং দলের খেলোয়াড়রা চরম সাহস দেখিয়েছে।' এ নিয়ে টানা ৩ ম্যাচ জিতে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করল আল নাসর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

