ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের তিন সদস্যের একটি প্রতিনিধি দল রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বৈত ডিগ্রি প্রোগ্রাম, যৌথ গবেষণা কার্যক্রম এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি সহজতর করতে একটি নীতিমালা চূড়ান্তকরণসহ উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া আমেরিকায় অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এডুকেটরস কনভেনশনে ইউজিসি প্রতিনিধি দলের অংশগ্রহণ, বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সনদ অনলাইনে যাচাই এবং যৌথ অর্থায়নে ফুলব্রাইট প্রোগ্রামের আওতায় অধিকসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ সৃষ্টির বিষয়েও সভায় আলোচনা করা হয়।
মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলে ছিলেন ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ক কাউন্সিলর মনিকা সাই, আমেরিকান সেন্টারের পাবলিক এনগেজমেন্ট ডিরেক্টর স্কট হার্টম্যান, এবং পাবলিক ডিপ্লোমেসি সেকশনের পাবলিক এনগেজমেন্ট স্পেশালিস্ট রায়হানা সুলতানা।
এ সময় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন উপস্থিত ছিলেন।
আলোচনাকালে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বৈত ডিগ্রি, যৌথ গবেষণা এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রম সহজতর করতে নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে পূর্বে গৃহীত পদক্ষেপ সম্পর্কেও ইউজিসি চেয়ারম্যানকে অবহিত করেন।
সভায় মত প্রকাশ করা হয় যে, যৌথ সহযোগিতা নিশ্চিত করা গেলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা খাত উপকৃত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

