ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় জুলাই থেকে অন্তত ৭৬ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। গত এক সপ্তাহেই বাস্তুচ্যুত মানুষের সংখ্যা চার গুণ বেড়েছে। শনিবার এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
আইওএম বলেছে, ইয়েমেনে বাস্তুচ্যুতি সংকট দ্রুত ভয়াবহ আকার ধারণ করছে। জুলাইয়ে হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধের ঘোষণা দেওয়ার পর থেকে অন্তত ৭৬ হাজার মানুষ নিজেদের ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
সংস্থাটি সতর্ক করে বলেছে, লড়াই আরো তীব্র হওয়ায় গত সপ্তাহের তুলনায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা চার গুণ বেড়েছে। অনেক পরিবার রাতের বেলায় ঘর ছাড়তে বাধ্য হচ্ছে এবং তাদের যাওয়ার মতো নিরাপদ জায়গাও নেই।
এর মাত্র এক দিন আগে আইওএম জানিয়েছিল, চলতি মাসের শুরু থেকে প্রায় ৪৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মঙ্গলবার এই সংখ্যা ছিল ১৮ হাজার ৫০০। আইওএমের তথ্য অনুযায়ী, ইয়েমেনের পশ্চিম উপকূল ও তাইজ অঞ্চলে সবচেয়ে বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে তাইজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। শুধু এই প্রদেশের বিভিন্ন জেলা থেকেই প্রায় ৮ হাজার ৩০০ পরিবার বা প্রায় ৫০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


