কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ তাজা গোলা উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মায়ানমার হতে একটি অসাধু চক্র বাংলাদেশ-মায়ানমার সীমান্তবর্তী নাফ নদী এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর নিকট আগ্নেয়াস্ত্র হস্তান্তর করবে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ১৯ আগস্ট মধ্যরাত ১টা হতে সকাল ৮টা পর্যন্ত বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক একটি কাঠের বোটকে থামার সংকেত প্রদান করলে সংকেত অমান্য করে বোটটি দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভেতর প্রবেশ করে এবং চক্রের সদস্যরা বোটটি রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে, উক্ত বোটে তল্লাশি চালিয়ে জালের ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১টি বিদেশি SVD Dragunov রাইফেল (ম্যাগাজিনসহ), ১টি ৯ মি.মি. বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গোলা, ২ রাউন্ড তাজা ও ১ রাউন্ড ফাঁকা পিস্তলের গোলা ও ২টি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ চক্রের সাথে জড়িতদের আটকের নিমিত্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ ও জব্দকৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও সীমান্ত এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


