অব্যাহত শিশু নির্যাতন, ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

অব্যাহত শিশু নির্যাতন, ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন

অব্যাহত নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বিজ্ঞাপন

বুধবার (২০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্নাসহ শাখার নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে সাবিকুন্নাহার তামান্না বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। তিনি বলেন, “ধর্ষণ মামলার সংখ্যা শতাধিক হলেও অধিকাংশ ক্ষেত্রে বিচার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি থেকে রেহাই পাচ্ছে।”

শিশু রামিসার ধর্ষণ ও হত্যাকাণ্ডকে তিনি বিচারহীনতার সংস্কৃতির ভয়াবহ উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকারের উচিত রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্কের বাইরে এসে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং অনেক ক্ষেত্রে অপরাধীরা গ্রেপ্তারের পর দ্রুত জামিনে মুক্ত হয়ে যাচ্ছে।

তামান্না আরও বলেন, “দেশের মা-বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, কোমলমতি শিশুরা ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে। অথচ এসব প্রতিরোধে সরকারের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।”

তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নারীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি শনাক্ত হওয়ার পরও গ্রেপ্তার না হওয়া বিচার ব্যবস্থার দুর্বলতারই প্রমাণ। পাশাপাশি অনলাইন হয়রানি, স্লাট-শেমিং, ডোমেস্টিক ভায়োলেন্স এবং সামাজিক নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

মানববন্ধনে অংশ নিয়ে ঢাবির শিক্ষার্থী আসমা খাতুন বলেন, “রামিসা, তনু, আছিয়াসহ দেশের সকল ধর্ষিত ও নির্যাতিত নারীর পক্ষ থেকে আমরা বিচার চাই। আর কতবার আমাদের রাজপথে দাঁড়াতে হবে?” তিনি দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

আরেক শিক্ষার্থী সুমাইয়া ফাহমিদা বলেন, “বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে ধারাবাহিকভাবে হত্যা, ধর্ষণ ও সহিংসতার ঘটনা ঘটছে। রাষ্ট্রকাঠামো ও বিচারব্যবস্থা দুর্বল হয়ে পড়লে অনিয়ম-অবিচার জনগণের নিয়তিতে পরিণত হয়।”

তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

মানববন্ধন থেকে শিশু রামিসার ধর্ষণ ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি নারী ও শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...