গোপনে বিয়ের পর স্বামীর স্বীকৃতি না পাওয়ার অভিযোগ তুলে ঢাকা কলেজের হলপাড়ায় অবস্থান নিয়েছেন এক তরুণী। তার দাবি, দীর্ঘদিনের সম্পর্কের পর ঢাকা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হলেও বর্তমানে ওই শিক্ষার্থী বিয়ের বিষয়টি অস্বীকার করছেন এবং যোগাযোগ এড়িয়ে চলছেন।
মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের ফরহাদ হোসেন হলের সামনে ওই তরুণীকে দীর্ঘ সময় অবস্থান করতে দেখা যায়। তার উপস্থিতির বিষয়টি শিক্ষার্থীদের নজরে এলে হলপাড়াজুড়ে কৌতূহলের সৃষ্টি হয়।
জানা যায়, অভিযুক্ত পারভেজ ঢাকা কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী এবং ফরহাদ হোসেন হলের আবাসিক ছাত্র। ভুক্তভোগী তরুণীর দাবি, তাদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং উভয়ের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তিনি বর্তমানে রাজশাহী কলেজের একজন শিক্ষার্থী।
কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী তরুণী বলেন, আমাদের মধ্যে বিয়ে হয়েছে। কিন্তু এখন সে বিষয়টি অস্বীকার করছে। বিষয়টির সুরাহার আশায় আমি বাড়ি থেকে ঢাকায় এসেছি।
তিনি আরও অভিযোগ করেন, পারভেজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে প্রথমে তিনি ফোনে জানান যে তিনি ঢাকার বাইরে অবস্থান করছেন। পরে যোগাযোগের সব মাধ্যম বন্ধ করে দিয়ে তার মোবাইল নম্বর ব্লক করে দেন।
তরুণীর অবস্থানের বিষয়টি জানতে পেরে কয়েকজন শিক্ষার্থী অভিযুক্ত পারভেজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের উদ্যোগ নেন। তবে এ বিষয়ে পারভেজের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

