ভারতের বিপক্ষে চাপ উড়িয়ে খেলতে চায় বাংলাদেশ

ভারতের বিপক্ষে চাপ উড়িয়ে খেলতে চায় বাংলাদেশ

এশিয়া কাপের সেমিফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হওয়ার আগে চাপকে পাত্তা দিচ্ছে না বাংলাদেশ নারী ক্রিকেট দল। বরং বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামাকে উপভোগ করতে চান দলের অভিজ্ঞ ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। তাঁর মতে, চ্যাম্পিয়ন হতে হলে ভারতের মতো দলের বিপক্ষে জিততেই হবে।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হারের কারণে ভারতের বিপক্ষে সেমিফাইনাল এড়ানোর সুযোগ হারিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে হারমানপ্রিত কৌরের দলের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল।

চলতি টুর্নামেন্টে তিন ম্যাচেই দাপুটে জয় পাওয়া ভারতই ম্যাচের স্পষ্ট ফেভারিট। তবে সেই বাস্তবতা নিয়ে বাড়তি চাপ নিতে নারাজ সুপ্তা। গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর তিনি বলেন, “কখনও কখনও আপনি চাপ ভাবলেই চাপ মনে হয়। তবে আমাদের জন্য ভারতের মতো দলের বিপক্ষে খেলাটা উপভোগের ব্যাপার। তারা সেরা মানের দল। তাই আপনার চ্যাম্পিয়ন হতে হলে তাদের বিপক্ষে খেলতেই হবে। তাই তাদের সঙ্গে খেলাটা উপভোগের ব্যাপার, চাপের নয়।”

বাংলাদেশের দুশ্চিন্তার জায়গা অবশ্য ব্যাটিং। গ্রুপ পর্বে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১২৯, শ্রীলঙ্কার বিপক্ষে ১১৪ এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ১০৩ রান করেছে দলটি। তবে বোলারদের ধারাবাহিক নৈপুণ্যে ইন্দোনেশিয়া ও আমিরাতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ।

আমিরাতের বিপক্ষে ৫৫ রানে ৬ উইকেট হারানোর পর দলের হাল ধরেন একাদশে ফেরা সুপ্তা। ৩১ বলে ৩৭ রান করার পাশাপাশি নাহিদা আক্তারের সঙ্গে ৪২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। সেই সময়ের কথা বলতে গিয়ে সুপ্তা বলেন, “আসলে মাঝে মাঝে এমনটা হতেই পারে। ওই সময় আমার ক্রিজে টিকে থাকা জরুরি ছিল ও নিচের ব্যাটারদের সাথে একটা পার্টনারশিপ গড়তে হয়েছিল। কারণ শুরুতে ৫-৬টা উইকেট হারিয়ে ফেললে পরিস্থিতি সামাল দিতে হয়।”

নাহিদার ভূমিকাও আলাদা করে স্মরণ করেছেন তিনি, “তবে এটা একটু কঠিন ছিল। সেই মুহূর্তে নাহিদা দুর্দান্ত ছিল। সে আত্মবিশ্বাস জুগিয়েছিল, আমি তার সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আমরা একশর বেশি রান করতে পেরেছি। আমরা জানতাম এই ধরনের দলের বিপক্ষে কীভাবে জিততে হয়। কারণ আমাদের বোলিং আক্রমণ সম্পর্কে আস্থা ছিল।”

দুবাইয়ে তিন ম্যাচেই বাংলাদেশের জন্য গ্যালারিতে সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাঁদের প্রতিও কৃতজ্ঞ সুপ্তা, “যারা মাঠে এসেছেন ও আমাদের জন্য গলা ফাটিয়েছেন, তাদেরকে ধন্যবাদ। বিশেষ করে এই ধরনের প্রতিকূল পরিস্থিতিতেও যখন মানুষ আপনার জন্য স্টেডিয়ামে আসে ও জেতার পর তারা আনন্দ- উপভোগ করে, তখন সেটা আমাদের জন্যও এক ভীষণ প্রাপ্তি ও আনন্দের ব্যাপার।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন