নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ‘দিঠি আনোয়ার’-এর মাধ্যমে সংগীতাঙ্গনে নতুন করে সাড়া ফেলেছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ও উপস্থাপিকা দিঠি আনোয়ার। সম্প্রতি তার এই চ্যানেলে ধাপে ধাপে প্রকাশিত হয়েছে চারটি মৌলিক গান—‘না জাগলে’, ‘মেঘলা আকাশ’, ‘জন্মের পরে’ এবং ‘রবি ঠাকুর’।
প্রকাশিত গানগুলোর বিশেষত্ব হলো, প্রতিটি গানই লিখেছেন দিঠির প্রয়াত বাবা, উপমহাদেশের প্রখ্যাত গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। এর মধ্যে দেশাত্মবোধক গান ‘না জাগলে’-এর সুর করেছেন সজল দাশ এবং পুনঃসঙ্গীতায়োজন করেছেন অপু আমান। অন্য তিনটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন অপু আমান।
বাবাকে স্মরণ করে দিঠি আনোয়ার বলেন, ‘ইচ্ছে ছিল আব্বু বেঁচে থাকতেই চ্যানেলটি শুরু করব। আব্বু তাঁর শেষ জীবনে লিখে যাওয়া গানগুলোর সুরের দায়িত্ব অপুকে দিয়েছিলেন। গানগুলো প্রকাশ হওয়া দেখে যেতে পারলে আব্বু খুব খুশি হতেন। গানগুলোর জন্য শ্রোতাদের কাছ থেকে চমৎকার সাড়া পাচ্ছি।’
গান প্রকাশের আনন্দের পাশাপাশি নতুন এক প্রশাসনিক দায়িত্বে যুক্ত হয়েছেন দিঠি। পুনর্গঠিত ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’-এর সদস্য হিসেবে তিনি মনোনীত হয়েছেন। চলচ্চিত্র কার্যক্রমকে আরও কার্যকর ও সমন্বিত করার লক্ষ্যে সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।
নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত দিঠি বলেন, ‘বাবার মতোই আমিও মনেপ্রাণে একজন চলচ্চিত্র ও সংগীতপ্রেমী মানুষ। সরকারের দেয়া এই বড় দায়িত্বটি আমি সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

