অন্তঃসত্ত্বার লাশ ফেলে পালালেন শ্বশুরবাড়ির লোকজন

অন্তঃসত্ত্বার লাশ ফেলে পালালেন শ্বশুরবাড়ির লোকজন

লালমনিরহাটের কালীগঞ্জে আফরোজা বেগম (১৮) নামে এক অন্তঃসত্ত্বার রক্তাক্ত লাশ বাড়ির উঠানে ফেলে পালিয়ে গেছেন স্বামীর বাড়ির লোকজন।

বিজ্ঞাপন

সোমবার সকালে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামে এ ঘটনা ঘটে।

এর আগে রোববার রাজধানী ঢাকার গাজীপুরের কোনাবাড়ীর ভাড়া বাসায় ওই গৃহবধূর মৃত্যু হয়। ওই গৃহবধূ নিথক গ্রামের দীন ইসলামের স্ত্রী। তিনি একই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস গ্রামের আলফেস আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এক বছর আগে আফরোজার সঙ্গে তার বিয়ে হয় । বিয়ের পর কাজের সুবাদে রাজধানী ঢাকার গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন তারা। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা ছিল না। প্রায় সময় পারিবারিক কলহ নিয়ে আফরোজার ওপর শারীরিক নির্যাতন চালাতেন স্বামী দীন ইসলাম।

শনিবার রাতে আফরোজা তার বাবাকে ফোন করে স্বামীর নির্যাতনের বর্ণনা দিয়ে বলেন, ‘আর বুঝি আমাকে জীবিত পাবা না, এরা এবার আমাকে মেরেই ফেলবে।’ এ কথা বলার পরই ফোন কেটে যায়। এর কিছুক্ষণ পরে স্বামী দীন ইসলাম শ্বশুরকে ফোনে জানান, আফরোজা অসুস্থ, তাকে হাসপাতালে নিতে হবে, চিকিৎসার জন্য টাকা পাঠান।

সোমবার সকালে একটি লাশবাহী গাড়িতে গাজীপুর থেকে তার রক্তাক্ত লাশ দীন ইসলামের বাড়ির উঠানে ফেলে সবাই পালিয়ে যান।

স্থানীয়রা জানান, সকালে লাশবাহী একটি গাড়ি আফরোজার রক্তাক্ত লাশ নিয়ে আসে। পরে লাশটি টেনেহিঁচড়ে উঠানে ফেলে গাড়িটি চলে যায়। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।

খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

আফরোজার চাচাতো বোন শাপলা বেগম বলেন, আফরোজাকে তার স্বামী দীন ইসলাম কুপিয়ে ও নির্যাতন করে হত্যা করেছেন। শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে আঘাত করা হয়নি। তিনি এ হত্যার বিচার দাবি করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, আমরা লাশের সঙ্গে পাঠানো ঢাকা উত্তরার শিন শিন জাপান হাসপাতালের কাগজপত্র যাচাই করছি। সে কাগজে দাবি করা হয়েছে বিষপানে তার মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন দেখে তদন্ত শুরু করছি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন