ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

“ফলজ ও বনজ বৃক্ষে সমৃদ্ধ করি পরিবেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

বিজ্ঞাপন

ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা, সেশন ১৯৯৫–৯৬) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, পরিবেশ সংরক্ষণে শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, বরং রোপিত গাছের যথাযথ পরিচর্যার মাধ্যমে তাদের বেঁচে থাকার হার নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, গাছের পরিচর্যার সক্ষমতা বিবেচনায় নিয়ে বৃক্ষরোপণের পরিসর ও সংখ্যা নির্ধারণ করা উচিত, যাতে রোপিত গাছ দীর্ঘমেয়াদে পরিবেশের জন্য কার্যকর অবদান রাখতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াছ আল-মামুন, ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্সের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের সাধারণ সম্পাদক রাশেদ কামাল অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক এম. আবু রাফি এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রিয়াজুল ইসলাম।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিকল্পিত বৃক্ষরোপণ শুধু সবুজায়নই বাড়ায় না, বরং বিশুদ্ধ বায়ু নিশ্চিত করা, খাদ্য ও প্রাকৃতিক সম্পদের নিরাপত্তা জোরদার করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পরিবেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা আরও বলেন, বৃক্ষরোপণে দেশীয় প্রজাতির গাছকে অগ্রাধিকার দেওয়া উচিত, কারণ এসব গাছ স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অধিক কার্যকর।

পরে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ-সংলগ্ন লনে একটি আমগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর ফজলুল হক মুসলিম হল প্রাঙ্গণেও আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...