বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক ও টেকসই রূপ দিতে ‘ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমি’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। প্রাথমিকভাবে একাডেমি প্রতিষ্ঠার জন্য উপযুক্ত স্থান নির্বাচনের কাজ চলছে। ইতোমধ্যে দুই-তিনটি সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়েছে এবং শিগগিরই একটি স্থান চূড়ান্ত করা হবে।

বিজ্ঞাপন

রোববার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে ‘জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এসব কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত ও একাডেমিক দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষার গুণগত মান অনেকাংশে নির্ভর করে শিক্ষকদের জ্ঞান, দক্ষতা, গবেষণার সক্ষমতা, আধুনিক শিক্ষাদান পদ্ধতি এবং একাডেমিক নেতৃত্বের ওপর। তাই শিক্ষক প্রশিক্ষণকে বিচ্ছিন্ন বা স্বল্পমেয়াদি কার্যক্রম হিসেবে না দেখে একটি সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনা প্রয়োজন।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও উচ্চশিক্ষা ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধির জন্য একটি বিশেষায়িত জাতীয় একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রস্তাবিত একাডেমিতে শুধু নবীন শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে না; উপাচার্য, উপ-উপাচার্য, ডিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের একাডেমিক ও প্রশাসনিক নেতৃত্বে থাকা ব্যক্তিদের জন্যও প্রশিক্ষণ, নেতৃত্ব উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ের ব্যবস্থা থাকবে। একই সঙ্গে ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনভিত্তিক প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

ইউজিসি চেয়ারম্যান জানান, একাডেমি প্রতিষ্ঠার জন্য একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্ভাব্য স্থান চূড়ান্ত হওয়ার পর মাস্টারপ্ল্যানের ভিত্তিতে অবকাঠামো উন্নয়নসহ পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রস্তাবিত একাডেমিকে এমন একটি আধুনিক ও কার্যকর প্রশিক্ষণকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যেখানে শিক্ষকরা শিক্ষাদান, গবেষণা, একাডেমিক নেতৃত্ব, গুণগত মান নিশ্চিতকরণ, আন্তর্জাতিকীকরণ ও উচ্চশিক্ষা ব্যবস্থাপনার বিষয়ে যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি দেশ-বিদেশের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক শিক্ষা ও সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে বর্তমানে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একাডেমিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো থাকলেও জাতীয় উচ্চশিক্ষার সামগ্রিক উন্নয়নের স্বার্থে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় আরও বাড়াতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও একাডেমিক নেতৃত্বকে একই প্রশিক্ষণ প্ল্যাটফর্মে যুক্ত করা হলে তাঁদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নতুন ধারণা, উদ্ভাবনী উদ্যোগ এবং যৌথ গবেষণার সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়ন শুধু অবকাঠামো বা কারিকুলাম উন্নয়নের মাধ্যমে সম্ভব নয়; দক্ষ, দায়িত্বশীল ও আধুনিক শিক্ষাদর্শনে অভ্যস্ত শিক্ষক তৈরি করাও এর অন্যতম পূর্বশর্ত। এ কারণে শিক্ষক উন্নয়নকে উচ্চশিক্ষার সামগ্রিক গুণগত মান নিশ্চিতকরণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে ইউজিসি।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী নবীন শিক্ষকদের উদ্দেশে ইউজিসি চেয়ারম্যান বলেন, তাঁদের শিক্ষকতা জীবনের শুরুতেই আধুনিক শিক্ষাদান পদ্ধতি, গবেষণা, একাডেমিক ব্যবস্থাপনা ও পেশাগত মূল্যবোধ সম্পর্কে যথাযথ ধারণা অর্জন করা প্রয়োজন। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে প্রয়োগ করে শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, প্রস্তাবিত ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমি আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত একাডেমিটির কার্যক্রম শুরু হবে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষকদের তিন মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করায় ইউজিসি ও হিট প্রকল্প কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. মেজবাহ-উল-ইসলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. জহির রায়হান, ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলামসহ ইউজিসি, হিট প্রকল্প ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের সপ্তম ও অষ্টম ব্যাচে ৩০টি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন নবীন শিক্ষক অংশ নিচ্ছেন। তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষাদান পদ্ধতি, গবেষণা, কোর্স কারিকুলাম, একাডেমিক ব্যবস্থাপনা, পেশাগত দক্ষতা উন্নয়নসহ উচ্চশিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...