চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উৎসব বুধবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উৎসব বুধবার

বর্ণিল আয়োজন ও উৎসবের আমেজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। ছয় দশকের পথচলা উদযাপনে বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও হীরকজয়ন্তী উৎসব। এ আয়োজনে অংশ নিতে প্রায় পাঁচ হাজার সাবেক শিক্ষার্থী নিবন্ধন করেছেন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

হীরকজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার সকাল ১০টায় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে আনন্দ র‍্যালি। র‍্যালিটি শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে অগ্রণী ব্যাংক মোড় ও নিরাপত্তা দপ্তর মোড় প্রদক্ষিণ করে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হবে। এরপর সকাল সাড়ে ১০টায় কেক কাটা, ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আলোচনা সভা, দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত স্মৃতিচারণ এবং বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। সব আয়োজন অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় খেলার মাঠে। এ ছাড়া দুপুরে শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে উপাচার্য ও হীরকজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ‘৬০ বছর পূর্তি উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনের কর্মসূচি নিয়েছি আমরা। এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইসহ সাবেক শিক্ষার্থীদের এক বিশাল মিলনমেলা ঘটবে। এই আয়োজন সফলভাবে সম্পন্ন ও বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই।’

যেভাবে আসবেন শিক্ষার্থীরা

সাবেক শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে চট্টগ্রাম শহরের বিভিন্ন পয়েন্ট থেকে ৫০টি বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বড়পোল, আগ্রাবাদ, নিউমার্কেট, ওয়াসার মোড় ও ষোলশহর থেকে বাসগুলো ছেড়ে যাবে। এর মধ্যে নিউমার্কেট থেকে ৭টি, ওয়াসার মোড় থেকে ১৫টি এবং ষোলশহর থেকে ২৫টি বাস চলবে। অনুষ্ঠান শেষে বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে শহীদ মিনার থেকে প্রতি ১৫ মিনিট পরপর পাঁচটি করে মোট ২০টি বাস শহরের উদ্দেশে ছেড়ে যাবে। বাকি বাসগুলো রাত ৯টায় ক্যাম্পাস ছাড়বে।

এদিকে যাতায়াতের সুবিধার্থে বিশেষ শাটল ট্রেনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বটতলী স্টেশন থেকে সকাল ৭টা ১৫ মিনিট ও ৭টা ৪০ মিনিটসহ দিনব্যাপী সাতটি ট্রেন চলাচল করবে। এ ছাড়া ষোলশহর থেকে সকাল ৯টা ৩০ মিনিট, ১০টা ১৫ মিনিট ও ১১টা ৩০ মিনিটে বিশেষ ট্রেন চলবে।

ক্যাম্পাসের ভেতরে যাতায়াতের জন্য বিনা মূল্যে ১২টি ই-কার চলাচল করবে। এর মধ্যে ছয়টি প্রকৌশল দপ্তর থেকে শহীদ মিনার পর্যন্ত এবং বাকি ছয়টি কাটাপাহাড়ের মুখ থেকে জীববিজ্ঞান অনুষদ পর্যন্ত চলবে। মাঠে সকাল ৮টা থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

এ ছাড়া বাস ও ব্যক্তিগত গাড়ির জন্য পৃথক পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। দুপুর ২টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সোহরাওয়ার্দী মোড়, নিরাপত্তা মোড় ও ২ নম্বর গেট থেকে কেন্দ্রীয় খেলার মাঠমুখী যান চলাচল বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থার সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা দপ্তরের কর্মীরা তৎপর থাকবেন বলে জানিয়েছে প্রক্টর অফিস।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন