স্কুলে টিউবওয়েলের পানি পান করে ৪০ শিক্ষার্থী অসুস্থ

উপজেলা প্রতিনিধি, নাগরপুর (টাঙ্গাইল)

স্কুলে টিউবওয়েলের পানি পান করে ৪০ শিক্ষার্থী অসুস্থ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার একটি বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অন্তত ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ৩১ জন শিক্ষার্থী নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয় এবং ২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর অসুস্থ দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া পাঁচজন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মাহমুদনগর ইউনিয়নের মামুদনগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থী ও শিক্ষক সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করার পর একে একে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে বমি, বুক ও গলা জ্বালাপোড়া, মাথা ঘোরা এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। পরে দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যালয়ের নলকূপে দুর্বৃত্তরা কৃষি জমিতে ব্যবহৃত তরল কীটনাশক বা বিষ জাতীয় পদার্থ মিশিয়ে দিয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

মামুদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জজ কামাল বলেন, “ঘটনাটি পরিকল্পিত নাশকতার ফল হতে পারে। আমরা দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদীর আহমেদ বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বলেন, “আমি সকাল ৯টার দিকে ওই টিউবওয়েলের পানি পান করেছিলাম, তখন কোনো সমস্যা হয়নি। তবে সকাল ১০টার পর যেসব শিক্ষার্থী ওই চাপকলের পানি পান করেছে, তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়ে। আমরা দ্রুত তাদের হাসপাতালে পাঠিয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসন সার্বক্ষণিক তদারকি করছে।”

নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদীর জানান, “বিষক্রিয়ার উপসর্গ নিয়ে ৩১ জন শিক্ষার্থী হাসপাতালে এসেছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে নমুনা পরীক্ষা ও তদন্ত প্রয়োজন।”

এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। বিদ্যালয় প্রাঙ্গণের নলকূপে বিষ মেশানোর অভিযোগে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...