২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬০০ জন পরীক্ষার্থী। এ ছাড়া ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন। সোমবার বিকেল ৩টায় আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে।
প্রকাশিত ফল ও বোর্ডভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, এবার পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ঢাকা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪৬৫ জন, কুমিল্লায় ১২০, রাজশাহীতে ৫৬, যশোরে ১৬২, চট্টগ্রামে ১০১, বরিশালে ২১, সিলেটে ৭৭, দিনাজপুরে ১৩৪ এবং ময়মনসিংহে ২৭৪ জন। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৭১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।
এবার পুনর্নিরীক্ষণে মোট ২৫ হাজার ৮১০ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এ ছাড়া ২৩ হাজার ১৪৫ জনের প্রাপ্ত নম্বরে পরিবর্তন এসেছে।
১১টি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের আবেদন ও উত্তরপত্র যাচাইয়ের পর মোট ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ফল পরিবর্তনের সংখ্যায় সবার শীর্ষে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এ বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন পরীক্ষার্থী আবেদন করেন। তাঁদের ৭১ হাজার ৭৬২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করা হয়। এতে ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে, যা মোট আবেদনকারীর ৪৪ দশমিক ১৯ শতাংশ।
ফল পরিবর্তনের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৮১ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থী আবেদন করেন। তাঁদের ৩ লাখ ৩৫ হাজার ৮৮১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করা হয়। এতে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে, যা মোট আবেদনকারীর ৭ দশমিক ১৬ শতাংশ।
এ ছাড়া কুমিল্লা বোর্ডে ২৫ হাজার ১৯৩ জন আবেদনকারীর মধ্যে ৩ হাজার ৬৫ জনের, রাজশাহী বোর্ডে ৩১ হাজার ৩৬৪ জনের মধ্যে ৭৭৯ জনের, যশোর বোর্ডে ২৬ হাজার ২৭৭ জনের মধ্যে ১ হাজার ৯০৯ জনের, চট্টগ্রাম বোর্ডে ২৭ হাজার ১২৪ জনের মধ্যে ২ হাজার ৪৩ জনের এবং বরিশাল বোর্ডে ১২ হাজার ২৯৩ জনের মধ্যে ২ হাজার ৭৭২ জনের ফল পরিবর্তন হয়েছে।
অন্যদিকে, সিলেট বোর্ডে ১৪ হাজার ৪৪৩ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ৩৫৩ জনের, দিনাজপুর বোর্ডে ২৪ হাজার ৫৩১ জনের মধ্যে ২ হাজার ২৪৮ জনের, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৮২ জনের মধ্যে ১ হাজার ১২৮ জনের এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ১৭ হাজার ৪৪০ জন আবেদনকারীর মধ্যে ৩ হাজার ৮৬০ জনের ফল পরিবর্তন হয়েছে।
ফল পরিবর্তনের হার বিবেচনায় ময়মনসিংহ বোর্ডের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে বরিশাল বোর্ড। এ বোর্ডে ফল পরিবর্তনের হার ২২ দশমিক ৫৫ শতাংশ। ২২ দশমিক ১৩ শতাংশ হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। সবচেয়ে কম ফল পরিবর্তন হয়েছে রাজশাহী বোর্ডে, মাত্র ২ দশমিক ৪৮ শতাংশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


