দেশের ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা আজ শুক্রবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। এবারের পরীক্ষায় মোট ৭ হাজার ৮৮০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের জন্য গড়ে ২১ জনের বেশি পরীক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কোর কমিটির সচিব এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে, যেখানে পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
কোর কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘এ’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. আসাদুজ্জামান জানান, ৯টি ভবনের ১৯৫টি কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সার্বিক প্রস্তুতি সন্তোষজনক এবং ইতিবাচক পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কমিটির আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইতোমধ্যে সব কেন্দ্রেই প্রয়োজনীয় উপকরণ পৌঁছে দেওয়া হয়েছে। আগের ধারাবাহিকতা বজায় রেখে শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়, যা সম্মিলিতভাবে ভর্তি প্রক্রিয়া পরিচালনা করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

