ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন বিষয়ে অনলাইনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে বুধবার (১৯ আগস্ট) রাত ১০টা পর্যন্ত মোট ৬০ ঘণ্টা এ ভোটগ্রহণ চলবে।
শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া লিংকের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেটাবেজে পরীক্ষার সময় যে ফোন নম্বরটি নিবন্ধন করা হয়েছিল, সেই নম্বরে ওটিপি (OTP) যাবে। একটি ফোন নম্বর থেকে একটি ভোট দেওয়া যাবে। শনাক্তকরণ ও তথ্যের যথার্থতা নিশ্চিত করার জন্য ভোট দেওয়ার সময় শিক্ষার্থীর নাম, কলেজ, বিভাগ, শিক্ষাবর্ষ, রেজিস্ট্রেশন নম্বর, ফোন নম্বর, জন্মতারিখ ইত্যাদি যথাযথভাবে উল্লেখ করতে হবে।
প্রাপ্ত মতামত যথাযথ গুরুত্বসহকারে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে এবং সংগৃহীত তথ্য গোপনীয় রাখা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ ছাড়া, মাইগ্রেশন শেষে একটি যুগোপযোগী অনলাইন শিক্ষার্থী ব্যবস্থাপনা পদ্ধতি চূড়ান্ত করে পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশসহ সব কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাজীবন সম্পূর্ণ সেশনজটমুক্ত করা এবং ফলাফলে অসংগতি এড়াতে দ্বৈত পরীক্ষক পদ্ধতি চালু করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন বিষয়ে সর্বাধিক সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা এবং মতামত গ্রহণ প্রক্রিয়াকে অধিকতর স্বচ্ছ ও নিরাপদ করার লক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সরাসরি (অফলাইন) মতামত গ্রহণের পরিবর্তে অনলাইনে শিক্ষার্থীদের মতামত বা ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


