খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি: ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা

খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি: ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা

ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত খাগড়াছড়ি সদরের নিম্নাঞ্চল থেকে বন্যার পানি নেমে গেছে। দীঘিনালা উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নিম্নাঞ্চলের কিছু এলাকা থেকে এখনো পুরোপুরি পানি নেমে যায়নি। শনিবার সারা দিনে বৃষ্টিপাত না হওয়ায় সার্বিক পরিস্থিতির এ উন্নতি হয়।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার রাতে মাত্র দুই থেকে তিন ঘণ্টার ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়।

খাগড়াছড়ি সদরের মেহেদীবাগ ও নিচের বাজার এলাকা ঘুরে দেখা যায়, বন্যার পানি নেমে যাওয়ার পর ঘরবাড়ি ও দোকানপাট থেকে কাদা ও জমে থাকা পানি পরিষ্কার করছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে রাতে খাগড়াছড়ি সদরের বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের ১,৩০০ মানুষের মাঝে জেলা জামায়াতের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন ও সাধারণ সম্পাদক মো. মিনহাজসহ দলীয় নেতৃবৃন্দ উত্তর গঞ্জপাড়া, দক্ষিণ গঞ্জপাড়া, মেহেদীবাগ, মুসলিম পাড়া, শব্দ মিয়া পাড়া ও ইসলামপুর এলাকায় এ খাবার বিতরণ করেন।

খাবার বিতরণকালে গঞ্জপাড়া এলাকার স্থায়ী বন্যা সমস্যার সমাধানের জন্য চেঙ্গী নদীতে ড্রেজিং করা এবং ৫ কিলোমিটার এলাকায় বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. মিনহাজ।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন