চলতি বছরে রমজান মাসজুড়ে ছুটি ঘোষণা করায় শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাক-প্রাথমিক ও একীভূত শিক্ষা উপপরিচালক মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
পরিপত্রে বলা হয়েছে, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে রমজানের ছুটির পরে বিদ্যালয়সমূহে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করেছে।
এমতাবস্থায়, উক্ত বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে গত ১৯ ফেব্রুয়ারি থেকে ছুটি ঘোষণা করে সরকার। আগামী ২৬ মার্চ পর্যন্ত এ ছুটি চলবে। ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি শেষে ২৯ মার্চ থেকে এসব স্কুল খোলার কথা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

