ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জ এলাকায় তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জ এলাকায় তীব্র যানজট
ছবি: আমার দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা অভিমুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া েই যানজট রাতভর তীব্র আকার ধারণ করে। শনিবার সকাল পর্যন্ত যানজটের প্রভাব দাউদকান্দি, গৌরীপুর ও কুমিল্লার দিকেও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

বিজ্ঞাপন

দীর্ঘ যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকেরা। বিশেষ করে রাতভর মহাসড়কে আটকে থাকা যাত্রীদের অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি।

হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি সেতুর ঢাকা অভিমুখী লেনে সংস্কার ও ঢালাইকাজের কারণে যানবাহন চলাচল সীমিত করা হয়। ফলে মহাসড়কের এক লেনে অতিরিক্ত যানবাহনের চাপ তৈরি হলে ধীরে ধীরে যানজট দীর্ঘ হতে থাকে।

শুক্রবার বিকেল থেকে যানজট শুরু হলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। গজারিয়ার ভবেরচর, ভাটেরচরসহ মহাসড়কের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে যানবাহন স্থবির হয়ে থাকতে দেখা যায়।

ট্রাকচালক রবিউল বলেন, ‘আমি গৌরীপুর এলাকা থেকে আসছি। শুক্রবার রাত ১০টা থেকে যানজটে আটকে আছি। ভাটেরচর পর্যন্ত আসতে আমার প্রায় সাড়ে আট ঘণ্টা সময় লেগেছে। স্বাভাবিক সময়ে এই পথ অতিক্রম করতে এত সময় লাগে না।’

বাসচালক জসিমউদ্দিন বলেন, আমিরাবাদ এলাকা থেকে যানজটে পড়েছি। ভবেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে প্রায় ৯ ঘণ্টা সময় লেগেছে। দীর্ঘ সময় গাড়ি নিয়ে বসে থাকতে হয়েছে।

এক বাসযাত্রী বলেন, এই মহাসড়কে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সময়মতো গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না।

ভবেরচর হাইওয়ে থানার ওসি বাবুল হোসেন জানান, সোনারগাঁওয়ের আষাঢ়িয়ারচর এলাকায় মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সেতু মেরামত ও ঢালাইয়ের কাজ চলছিল। এ কারণে ওই অংশে এক লেনে যানবাহন চলাচল করায় ঢাকা অভিমুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, সোনারগাঁও এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর সেতুর ঢাকা অভিমুখী লেনে শুক্রবার বেলা ১১টায় মেরামতকাজ শুরু হয়। রাত সাড়ে ৯টায় কাজ শেষ হলেও সেতুর ঢালাই শুকানোর জন্য ওই লেনে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, শনিবার সকাল ৯টায় ঢাকা অভিমুখী লেনটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। লেনটি খুলে দেওয়া হলে ধীরে ধীরে যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন