মিয়ানমারে স্বেচ্ছা প্রত্যাবাসন শুরু, ২৯ সেপ্টেম্বর ফিরবে প্রায় ১৫০০ রোহিঙ্গা

মিয়ানমারে স্বেচ্ছা প্রত্যাবাসন শুরু, ২৯ সেপ্টেম্বর ফিরবে প্রায় ১৫০০ রোহিঙ্গা
ছবি: সংগৃহীত।

প্রত্যাবাসন কর্মসূচির প্রথম ধাপ চূড়ান্ত করেছে মালয়েশিয়া। আগামী ২৯ সেপ্টেম্বর ১ হাজার ৪৭৬ জন মিয়ানমারের নাগরিককে ফেরত পাঠানোর মধ্য দিয়ে শুরু হবে এই প্রক্রিয়া। বৃহস্পতিবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এর আগে জানিয়েছিলেন, দেশটিতে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে মিয়ানমার ৫ হাজার জাতিগত রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে সম্মত হয়েছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কর্মসূচির প্রথম ধাপে আগামী ২৯ সেপ্টেম্বর ১ হাজার ৪৭৬ জন মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো হবে। তাদের পরিচয় মিয়ানমার সরকার নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় বলেছে, ‘প্রত্যাবাসন প্রক্রিয়ায় মিয়ানমারের দুটি নৌবাহিনীর জাহাজ এবং একটি হাসপাতাল জাহাজ ব্যবহার করা হবে।’

এ বছর প্রায় ৪ হাজার ৮ জনকে, যাদের বেশিরভাগই জাতিগত রোহিঙ্গা, রিফিউজি রেজিস্ট্রেশন ডকুমেন্ট (ডিপিপি) কর্মসূচির আওতায় আনা হবে। পাশাপাশি মিয়ানমার সরকারের সঙ্গে সমঝোতা অনুযায়ী আরও ৫ হাজার মানুষকে স্বেচ্ছামূলক প্রত্যাবাসন প্রক্রিয়ায় নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৫ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ার অভিবাসন আটককেন্দ্রগুলোতে ১০ হাজার ৩৮৮ জন মিয়ানমারের নাগরিক ছিলেন। তবে তাদের সবাইকে শরণার্থী হিসেবে বিবেচনা করা যায় না।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি আটক ব্যক্তির পরিচয়, জাতীয়তা ও নিরাপত্তা-সংক্রান্ত তথ্য যাচাইয়ে অভিবাসন বিভাগ পুলিশের সঙ্গে কাজ করছে। এই যাচাই প্রক্রিয়া বছরের চতুর্থ প্রান্তিকের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক ও প্রত্যাবাসনের জন্য যোগ্য ব্যক্তিদের শনাক্ত করার কাজও অব্যাহত থাকবে বলে জানিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: রয়টার্স

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন