এসএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিতি ও বহিষ্কার বেড়েছে

স্টাফ রিপোর্টার

এসএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিতি ও বহিষ্কার বেড়েছে
ফাইল ছবি

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে বৃহস্পতিবার পরীক্ষার্থীদের অনুপস্থিতি আরও বেড়েছে। এদিন দেশের ১১টি শিক্ষাবোর্ডের (৯টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড) অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় ২৬ হাজার ৮৬৫ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এর আগে প্রথম পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা ছিল- ২৫ হাজার ৪০৮।

এছাড়া দ্বিতীয় দিনে নকলের দায়ে ১৯ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে ৬ জন, মাদ্রাসা শিক্ষাবোর্ডে ৩ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের ১০ জন শিক্ষার্থী রয়েছে। প্রথম দিনের পরীক্ষায় মাত্র ৬ জন বহিষ্কার হয়েছিল।

বিজ্ঞাপন

পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়। এদিন এসএসসিতে বাংলা দ্বিতীয় পত্র, দাখিলে আরবি প্রথম পত্র এবং কারিগরি বোর্ডের এসএসসি ও দাখিল ভোকেশনালে ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বিজ্ঞপ্তি অনুযায়ী, এদিন মোট ১৪ লাখ ৯২ হাজার ৮০৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৬৫ হাজার ৯৪১ জন।

এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিল ১২ হাজার ৩১৬ জন পরীক্ষার্থী। একইসঙ্গে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ১২ হাজার ১৫০ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ভোকেশনাল পরীক্ষাতেও ২ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

সূত্রমতে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ হাজার ৪৮১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ১৮ হাজার ৭৬৪ জন, যার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১১ লাখ ৬ হাজার ৪৪৮ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৩১৬ জন এবং গড় অনুপস্থিতির হার ১ দশমিক ১০ শতাংশ।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে উপস্থিত ছিল ২ লাখ ৯১ হাজার ৭৩৪ জন এবং অনুপস্থিত ছিল ২ হাজার ৯৩৬ জন। রাজশাহী বোর্ডে ১ লাখ ২৮ হাজার ৩৭৪ জন উপস্থিত ও ১ হাজার ৭৩৬ জন অনুপস্থিত ছিল।

কুমিল্লা বোর্ডে উপস্থিত ছিল ১ লাখ ১৬ হাজার ১১৬ জন এবং অনুপস্থিত ছিল ১ হাজার ৩৬৫ জন। যশোর বোর্ডে ১ লাখ ১০ হাজার ২৫৯ জনের উপস্থিতির বিপরীতে অনুপস্থিত ছিল ১ হাজার ৪৮২ জন।

চট্টগ্রাম বোর্ডে উপস্থিত ছিল ১ লাখ ৫ হাজার ৮৪৫ জন এবং অনুপস্থিত ছিল ১ হাজার ২২ জন। সিলেট বোর্ডে ৬৯ হাজার ৫৮৬ জন উপস্থিত ও অনুপস্থিত ছিল ৭০৬ জন।

বরিশাল বোর্ডে ৬৪ হাজার ৪৩৪ জন উপস্থিতির বিপরীতে অনুপস্থিত ছিল ৯৮০ জন। দিনাজপুর বোর্ডে ১ লাখ ৩৯ হাজার ৯১৯ জন উপস্থিত এবং ১ হাজার ৩০১ জন অনুপস্থিত ছিল। ময়মনসিংহ বোর্ডে ৮০ হাজার ১৮১ জন উপস্থিত ছিল এবং অনুপস্থিত ছিলেন ৭৮৮ জন।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৫৩ হাজার ৮৮২ জনের অংশগ্রহণ করার কথা ছিল, যার মধ্যে উপস্থিত ছিল ২ লাখ ৪১ হাজার ৭৩২ জন। এখানে অনুপস্থিতির হার ৪ দশমিক ৭৯ শতাংশ (১২ হাজার ১৫০ জন)।

আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনের পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ১৭ হাজার ৭৬১ জন, যেখানে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২০ হাজার ১৬০ জন।

গত ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত । প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন