রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে রাওয়া ক্লাবে সীরাতুন্নবী (সা.)-বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সাবেক সেনা কর্মকর্তাসহ তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান বলেন, উম্মত হিসেবে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। কারণ, আমরা এমন একজন নবীর উম্মত, যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের বিস্তারিত ইতিহাস লিপিবদ্ধ রয়েছে। অন্য কোনো রাসুলের জীবন এত বিস্তারিত ইতিহাসে সংরক্ষিত হয়নি।
তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) উম্মত হিসেবে আমাদের যে দায়িত্ব দিয়ে গেছেন, আমরা কি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি? রাসুলের পুরো জীবনই ছিল কুরআনের আলোকে পরিচালিত।
মাহমুদুর রহমান আরো বলেন, বিদায় হজের ভাষণে রাসুলুল্লাহ (সা.) কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, এই দুটো অনুসরণ করলে উম্মত পথভ্রষ্ট হবে না। অথচ দুঃখজনকভাবে দেখা যায় যে, রাসুল (সা.) যেসব কাজ থেকে নিষেধ করে গেছেন, আমরা অনেক সময় সেসব কাজই করছি।
তিনি বলেন, বাংলাদেশের প্রায় ৯০ শতাংশ মানুষ মুসলমান। রাওয়া ক্লাবে এবারই প্রথম সীরাতুন্নবী (সা.)-এর আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে বাঙালি মুসলমানদের পরিচয়কে আরো শক্তিশালী ও দীর্ঘায়িত করা সম্ভব।
স্বাধীনতার পর আমরা বাঙালি পরিচয়ের ওপর জোর দিতে গিয়ে ধর্মীয় পরিচয়ের অনেকটাই ভুলে গেছি উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান—এই কথা আমাদের প্রত্যেকের বলা প্রয়োজন।
জাতি হিসেবে আমাদের ঐক্য অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন তিনি।
এছাড়াও তিনি বলেন, পৃথিবীর অনেক জাতি আজ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তাই বাঙালি মুসলিমদের নিজেদের পরিচয় ধরে রাখতে হবে এবং এই পরিচয়কে ধারণ করেই কাজ করে যেতে হবে।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


