এক যুগের কর্মস্থল ছাড়ার নির্দেশ, যোগদানের কড়া আল্টিমেটাম

এক যুগের কর্মস্থল ছাড়ার নির্দেশ, যোগদানের কড়া আল্টিমেটাম
সীতাকুণ্ড পৌর নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নজরুল ইসলাম

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় এক যুগেরও বেশি সময় দায়িত্ব পালনের পর পৌর নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নজরুল ইসলামকে নরসিংদীর শিবপুর পৌরসভায় বদলি করা হয়েছে। নতুন কর্মস্থলে যোগদানের জন্য তাকে দেওয়া হয়েছে কড়া সময়সীমা। ১ সেপ্টেম্বরের মধ্যে সেখানে যোগ না দিলে ২ সেপ্টেম্বর থেকেই তার সীতাকুণ্ড পৌরসভা থেকে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য করা হবে।

বিজ্ঞাপন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে গত ২০ আগস্ট জারি করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। যুগ্মসচিব মো. সগীর হোসেন স্বাক্ষরিত আদেশে জনস্বার্থে বদলি অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. নুরুন্নবী জানান, মো. নজরুল ইসলাম এক যুগেরও বেশি সময় ধরে সীতাকুণ্ড পৌরসভায় দায়িত্ব পালন করছেন। একই কর্মস্থলে দীর্ঘ সময় দায়িত্ব পালনের বিষয়টি স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তার মতে, সরকারি বিধিতে একই কর্মস্থলে দায়িত্ব পালনের মেয়াদ সীমিত থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও প্রশাসনিক সিদ্ধান্তে দীর্ঘ সময় দায়িত্ব পালনের সুযোগ রয়েছে।

মন্ত্রণালয়ের আদেশে বদলিকৃত কর্মকর্তার বকেয়া বেতন-ভাতা, প্রভিডেন্ট ফান্ড (পিএফ) ও গ্র্যাচুইটি ফান্ডের (জিএফ) প্রাপ্য অর্থ বিধি অনুযায়ী নতুন কর্মস্থলে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক ফখরুল ইসলাম বলেন, বদলি একটি প্রশাসনিক বিষয়। মন্ত্রণালয় থেকে যে আদেশ দেওয়া হয়েছে, সেটি বিধি অনুযায়ী বাস্তবায়ন করা হবে।

স্থানীয় সরকার বিভাগের আদেশ অনুযায়ী, এখন বদলি বাস্তবায়নের দিকেই সবার নজর। ১ সেপ্টেম্বরের মধ্যে শিবপুর পৌরসভায় যোগদান করতে হবে মো. নজরুল ইসলামকে। নির্ধারিত সময়ে যোগদান না করলে ২ সেপ্টেম্বর থেকেই সীতাকুণ্ড পৌরসভা থেকে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন তিনি।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...