প্যারেন্টস ফোরামের বিবৃতি

অনলাইন ক্লাসের ৩+৩ মডেল বাতিল দাবিসহ বিকল্প ৪ প্রস্তাব

স্টাফ রিপোর্টার

অনলাইন ক্লাসের ৩+৩ মডেল বাতিল দাবিসহ বিকল্প ৪ প্রস্তাব

সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম। বুধবার সংগঠনটির সভাপতি একেএম আশরাফুল হক এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে অনলাইন ক্লাসের ৩+৩ মডেল বাতিলের দাবি এবং অনলাইন ক্লাসের পরিবর্তে পড়াশোনার ক্ষতি না করে বিদ্যুৎ সাশ্রয়ের চারটি বিকল্প প্রস্তাব দিয়েছেন তারা।

বিজ্ঞাপন

আশরাফুল হক বলেন, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে উচ্চগতির ইন্টারনেট ও ডিভাইসের খরচ অভিভাবকদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করবে। এ ছাড়া কর্মজীবী অভিভাবকদের জন্য সন্তানদের অনলাইন ক্লাস তদারকি করা প্রায় অসম্ভব।

চারটি বিকল্প প্রস্তাব তুলে ধরে শিক্ষার্থীদের পড়াশোনা সচল রাখা সম্ভব বলে মনে করে অভিভাবকদের সংগঠনটি।

তাদের প্রস্তাবে তিনদিন করে অনলাইন ও সশরীরে মডেল বাতিলের দাবি করা হয়েছে। সপ্তাহে ৪ দিন সশরীরে (অফলাইন) ক্লাস চালু রেখে বাকি ৩ দিন স্কুল সম্পূর্ণ ছুটি রাখা। এতে যাতায়াত ও প্রতিষ্ঠানের বিদ্যুৎ-উভয়ই সাশ্রয় হবে।

এ ছাড়া প্রয়োজনে স্কুলের প্রতিদিনের কর্মঘণ্টা বা ক্লাসের সময় কিছুটা কমিয়ে আনা। শ্রেণিকক্ষে এসির ব্যবহার নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক আলো-বাতাসের ব্যবহার নিশ্চিত করার মতো অভ্যন্তরীণ পদক্ষেপ গ্রহণ করা।

বিবৃতিতে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয় করতে গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন খাদের কিনারে ঠেলে দেওয়া না হয়।

কিছুদিন পরেই ইংরেজি মাধ্যম স্কুলগুলোর ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল পরীক্ষা এবং মে মাসে সাধারণ স্কুলগুলোর সেশন ফাইনাল। এই গুরুত্বপূর্ণ সময়ে সশরীরে ক্লাস বন্ধ করলে শিক্ষার্থীদের প্রস্তুতিতে বড় ধরনের ধস নামবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন