ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ বাড়াতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ বাড়াতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ (ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ) বাড়াতে সরকার জোর দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সংযোগ জোরদার হলে শিক্ষার্থীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সোমবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) আয়োজিত ‘কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তা: বিশ্ববিদ্যালয় হতে পারে নতুন উদ্যোক্তা তৈরির অন্যতম সূতিকাগার, চাই সমন্বিত ইকোসিস্টেম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাব্যবস্থা ও শিল্পখাতের চাহিদার মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে।

এক প্রশ্নের জবাবে এহছানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ব্যবসা-বিনিয়োগ সম্প্রসারণ ও তরুণ উদ্যোক্তা তৈরিতে বিশেষ উৎসাহ দিচ্ছেন। তাদের সহায়তায় সরকার ঋণ প্রদান কর্মসূচিও গ্রহণ করেছে। তবে একজন সফল উদ্যোক্তা হতে হলে উদ্ভাবনী মেধা এবং আন্তর্জাতিক ও স্থানীয় বাজার চাহিদা বোঝার সক্ষমতা থাকতে হবে।

সাম্প্রতিক এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ প্রসঙ্গে মন্ত্রী জানান, শিক্ষার্থীরা খাতায় যা লিখেছে, তার সঠিক ও যথাযথ মূল্যায়ন নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

অপর এক প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, সেশনজট কমানোই আমাদের মূল লক্ষ্য। ভর্তি পরীক্ষা এগিয়ে আনাকে ইতিবাচক দৃষ্টিতে দেখা উচিত, কারণ এতে শিক্ষার্থীরা সময়মতো একাডেমিক জীবন শুরু করতে পারবে।

শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. এ কে এম মাসুদ। সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, শিল্প প্রতিনিধি ও শতাধিক তরুণ উদ্যোক্তা অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...