এবার শীত কেমন হবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

এবার শীত কেমন হবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব পুরোপুরি কেটে যাওয়ায় মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে সারা দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে। আগামী দুই দিনের মধ্যে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে শীতের অনুভূতি বাড়তে পারে এবং ডিসেম্বরের শুরুতে শীত জেঁকে বসার সম্ভাবনা রয়েছে। তবে পুরো মৌসুম বিবেচনায় এবার তুলনামূলক উষ্ণ শীত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার রাতে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানান, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব কেটে গিয়ে মঙ্গলবার সারা দেশের আকাশ পরিষ্কার থাকবে। আগামী দুই দিনের মধ্যে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, যা শীতের অনুভূতি বাড়াবে। সামনের দিনগুলোতে শীত আরও বাড়বে এবং ডিসেম্বরের শুরুতে সারা দেশে শীত জেঁকে বসতে পারে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

তবে দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রসঙ্গে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, এবার তুলনামূলক উষ্ণ শীতের সম্ভাবনা রয়েছে। গত ৩০ বছরের গড় তাপমাত্রার তুলনায় এবার রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে এবং শৈত্যপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্বও কম হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তিন মাসের (নভেম্বর থেকে জানুয়ারি) পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে দেশে আট থেকে ১০টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি মাঝারি এবং একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, প্রথম ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এরপর বুধবার দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে অধিদপ্তর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন