শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে ঐক্যবদ্ধ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। আন্তর্জাতিক শ্রমিক সংহতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ইউএনআই গ্লোবাল ইউনিয়ন (UNI Global Union) বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের (ডিএমপিবিএসইউ) যৌথ আলোচনা ও পরিচিতি সভায় এ আহ্বান জানানো হয়।
সোমবার বিকেল ৫টায় রাজধানীর ফকিরাপুলে অবস্থিত ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি হাবিবুল্লাহ মাহবুবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনআই গ্লোবাল ইউনিয়ন বাংলাদেশের সমন্বয়ক (কো-অর্ডিনেটর) মো. মোর্শেদ সরকার। বিশেষ অতিথি ছিলেন ইউএনআই-বিএলসি উইমেন্স কমিটির (UNI-BLC Women’s Committee) সভাপতি তাছলিমা আক্তার লিনা।
সভায় আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময়, শ্রমিকদের অধিকার ও স্বার্থরক্ষা, পারস্পরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এ সময় ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের নেতারা ইউএনআই গ্লোবাল ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



