ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব কাটতে শুরু করেছে। এরই মধ্যে দেশের বৈরী আবহাওয়া পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। সমুদ্রবন্দরগুলো থেকে সতর্কসংকেত নামিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী রোববারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া পর্যটকেরা ট্রলারে করে টেকনাফে ফিরতে শুরু করেছেন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’ গত শুক্রবার সকালে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে গভীর নিম্নচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হয়। শনিবার এটি আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে লঘুচাপে পরিণত হয়ে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল।
ঘূর্ণিঝড়ের প্রভাব কমে যাওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে উপকূলীয় এলাকায় অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে রোববার সকাল পর্যন্ত সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এদিন রাজধানীতে সামান্য বৃষ্টি হলেও দুপুর ১২ থেকে বিকাল ৩টা পর্যস্ত বরিশালে সবচেয়ে বেশি ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া সকাল ছয়টার আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুমিল্লায়, যা অতি ভারী বর্ষণের মধ্যে পড়ে। এ ছাড়া চুয়াডাঙ্গায় ৬৮, ফরিদপুরে ৫২, নওগাঁর বদলগাছি ৪৫, কুষ্টিয়া কুমারখালিতে ৩৯, খুলনায় ও যশোরে ৩৮, মাদারীপুরে ৩৭ এবং ঢাকায় ২২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকেরা শনিবার সকাল থেকে পাঁচটি ট্রলারে করে টেকনাফের শাহপরীর দ্বীপে ফিরতে শুরু করেছেন।
আবহাওয়াবিদ আব্দুল হামিদ আমার দেশকে বলেন, রোববার থেকে আবহাওয়ার আরো উল্লেখ্যযোগ্য উন্নতি হবে। তবে বৃষ্টি ও মেঘলা আকাশ কেটে যাওয়ার পর রাতের তাপমাত্রা সাময়িকভাবে কমতে পারে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন





