সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের পেছনের একটি কক্ষে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র ও এক কর্মকর্তার ব্যবহৃত একটি গাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার রাত ৩টা ৫০ মিনিটের দিকে শাহজালাল উপশহরের এইচ ব্লকের ১ নম্বর সড়কের ২৩২/১ নম্বর বাড়িতে ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্তও শুরু করেছে।

গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল কার্যালয়ের জোনাল অফিসার আবুল হোসেন বলেন, রাত পৌনে তিনটার দিকে দুর্বৃত্তরা পলিথিনের প্যাকেটে তরলজাতীয় জ্বালানি নিয়ে এসে প্রথমে ভবনের উত্তর পাশে এবং পরে পূর্ব পাশে আগুন দেয়। এরপর গ্যারেজে থাকা তার গাড়িতেও আগুন দেওয়া হয়।

তিনি বলেন, ব্যাংকের এক কর্মচারী আগুন দেখতে পেয়ে তাকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও শাহপরাণ থানায় খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরো বলেন, দুদিন আগে ফেসবুকে ওই কার্যালয়ে আগুন দেওয়ার ভুয়া খবর ছড়িয়ে পড়েছিল। তবে সেটি কেবল গুজব ছিল; রোববার রাতে দুর্বৃত্তরা সত্যিই কার্যালয়ে আগুন দিয়েছে।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমদ বলেন, এ ঘটনায় জিডি করা হয়েছে এবং পুলিশ তদন্ত করছে। রাতে ভবনের একটি জানালা খোলা ছিল। নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিস সিলেট সদরের লিডার ক্ষিতিশ কুমার দাস বলেন, আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। তবে সেখানে গিয়ে দেখেন, ব্যাংক কর্তৃপক্ষ নিজেরাই আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন