ভুয়া হোটেল বুকিংয়ের নথি ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশের সময় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ বাংলাদেশি আটক হয়েছেন। তাঁদের অনেকে ইমিগ্রেশন টেক এড়ানোরও চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামা শুক্রবার মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির (একেপিএস) বিবৃতির বরাত দিয়ে জানায়, টার্মিনালের অ্যারাইভাল হলে ৬৭ জন বিদেশির কাগজপত্র যাচাই করার সময় এই ৫১ ব্যক্তির নথিপত্রে বিভিন্ন অসংগতি ধরা পড়ে।
বিবৃতিতে বলা হয়, কিছু ব্যক্তিকে অ্যারাইভাল হলে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। সেখানে দায়িত্বরত কর্মকর্তাদের কাছে তারা নথিপত্র জমা দিতে দেরি করে। এমনকি কিছু ব্যক্তি ইমিগ্রেশন চেক এড়ানোর চেষ্টা করে। এতে কর্তৃপক্ষের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
একেপিএস জানায়, ৫১ জন বাংলাদেশিকে ইমিগ্রেশন আইন ১৯৫৯ / ৬৩-এর শর্ত পূরণে ব্যর্থ হওয়ার কারণে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এই ৫১ জন বাংলাদেশিকে দ্রুতই একসঙ্গে দেশে ফেরত পাঠানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

