‘বড় একটি এক্সিডেন্ট হোক, ছিন্ন বিচ্ছিন্ন হোক দেহ, স্বপ্নগুলো মরে যাক, মুছে যাক সব অপূর্ণতা’—এমন একটি স্ট্যাটাস ফেসবুকে দিয়েছিলেন সৌদি আরব প্রবাসী মাহাদি রাজ শুভ। মানসিক কষ্ট থেকে দেওয়া সেই স্ট্যাটাসই বাস্তবে রূপ নেয়। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি।
শুক্রবার সকালে হোয়াটসঅ্যাপে মাহাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সৌদিতে অবস্থানরত তার সহকর্মী আরাফাত হোসেন রায়হান।
নিহত মাহাদি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সৌদি প্রবাসী মুহাম্মদ দুলালের ছেলে। তিনি চরমার্টিন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
সহকর্মী আরাফাত হোসেন রায়হান জানান, মাহাদি কয়েক দিন ধরে মানসিকভাবে চিন্তিত ছিলেন। গতকাল বৃহস্পতিবার ভোরে ফুড ডেলিভারির কাজে বের হন তিনি। সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফেরায় সহকর্মীরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে রাতে সৌদি পুলিশ জানায়, রিয়াদ শহরের তোমামা এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ কিং সৌদি হাসপাতালের মর্গে রাখা আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহাদি ছয় মাস আগে দ্বিতীয় দফায় সৌদি আরবে যান। তার বাবা দুলালও প্রবাসী এবং বর্তমানে সৌদি আরবেই অবস্থান করছেন। পরিবারের সদস্যদের মধ্যে মা ও বোন দেশে রয়েছেন, তবে তারা এখনো মৃত্যুর খবর জানেন না বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি তাদের না জানাতে অনুরোধ করা হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
নিহতের মামা আলমগীর সারোয়ার বলেন, সৌদিতে প্রচুর টাকা খরচ করে মাহাদিকে তার বাবা একটি দোকান কিনে দেন। পরে তিনি সেই দোকান বিক্রি করে দেন এবং পরিবারের বাইরে গিয়ে বিয়ে করেন। পরবর্তীতে পরিবার বিষয়টি মেনে নেয়। তার একটি তিন বছরের সন্তান রয়েছে। সব মিলিয়ে তিনি মানসিক দুশ্চিন্তায় ছিলেন। তিনি জানান, ওই মানসিক চাপ থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরাকে নিহত শ্রাবণের লাশ ঢাকায়