২৩ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের কাচ্চি ডাইন ইভেন্ট হলে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ (বিপিকেপি)-এর উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং একটি প্রবাসীবান্ধব, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের আহ্বান জানানো হয়।
ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী, এমপি। তিনি তার বক্তব্যে প্রবাসীদের আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকার প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর এবং তাদের কল্যাণে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।
সভায় বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ প্রবাসীদের দীর্ঘদিনের ছয়টি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। তারা বলেন, প্রবাসীদের জমি ও দেওয়ানি বিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষায়িত ফাস্ট-ট্র্যাক এনআরবি ট্রাইব্যুনাল গঠন জরুরি। এছাড়া বিদেশে মৃত্যুবরণকারী প্রবাসীদের মরদেহ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিনামূল্যে দেশে প্রত্যাবাসনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পূর্ণাঙ্গ ওপেন-স্কাই সুবিধা চালু, প্রবাসীদের জন্য জাতীয় এনআরবি পেনশন স্কিম প্রবর্তন, বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে ওয়ান-স্টপ স্কিলস প্রোমোশন সার্ভিস চালু এবং জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়। বক্তারা উল্লেখ করেন, এসব দাবি বাস্তবায়িত হলে প্রবাসীদের অধিকার সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর অগ্রগতি সাধিত হবে।
আলোচনা সভা থেকে উল্লিখিত দাবিসমূহ অন্তর্ভুক্ত করে সরকার প্রধান, বিরোধীদলীয় প্রধান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্দেশ্যে তিনটি পৃথক অভিনন্দন ও দাবি-সংবলিত বার্তা প্রেরণ করা হয়। সরকার প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে প্রেরিত বার্তা গ্রহণ করেন ইউকে বিএনপির আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব জনাব খছরুজ্জামান খসরু। বিরোধীদলীয় প্রধানের উদ্দেশ্যে প্রেরিত পত্র গ্রহণ করেন ইউরোপ জামায়াতের মুখপাত্র জনাব আবু বকর মোল্লা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে প্রেরিত বার্তা গ্রহণ করেন জনাব তাসবির চৌধুরী শিমুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ আব্দুল বারি। সংগঠনের সাধারণ সম্পাদক মুস্তাক বাবুলের সঞ্চালনায় এবং সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলানা আনিসুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও স্থিতি কামনা করে দোয়া পরিচালনা করেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আব্দুল কাদির সালেহ। অনুষ্ঠানে ইফতারের স্পনসর ছিলেন এঞ্জেল মোটরস গ্রুপের কর্ণধার ও বিপিকেপির লাইফ মেম্বার জনাব নোমান মালিক।
সভায় বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে তাদের অবদান অনস্বীকার্য। তাদের অধিকার সংরক্ষণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সহায়তা জোরদারে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ সময়ের দাবি। সংগঠনটি সরকারের সঙ্গে গঠনমূলক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে প্রবাসীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিপিকেপির উপদেষ্টা ও চ্যানেল এস এর চেয়ার আহমেদুস সামাদ চৌধুরী জেপি, সামি সানাউল্লাহ ,মুহিবুর রহমান, সাবেক সভাপতি আশিকুর রহমান ও জাহাঙ্গীর খান, সিনিয়র ভাইস চেয়ার কাউন্সিলর ফয়জুর রহমান এবং ট্রেজারার ডা. সৈয়দ মাশুক আহমে, ব্যারিস্টার তারেক চৌধুরী, সৈয়দ নাহাস পাশা, তায়সির মাহমুদ, পারভেজ কোরেশি বিএম, মঈন উদ্দিন আনসার, সৈয়দ আহবাব হুসাইন, আব্দুল হালিম চৌধুরী, মানিকুর রহমান গনি, কাজী আরিফ, জয়নাল আবেদীন খান, নুমান মালিক, আকরামুল হুসাইন, এম এ কাইয়ুম, সুমনা সুমি, মোহাম্মদ জাকারিয়া, মোসলেহ উদ্দিন আহমেদ, কদর উদ্দিন, নিজাম এম রহমান, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার তামিজ উদ্দিন হুসাইন আহমেদ, নুরুজ্জামান শেলিম, শেলিনা চৌধুরী, শাখাওয়াত ইসলাম ফারাজী, কাউন্সিলর দিনা হুসাইন, হেনা বেগম, রওশন আরা মনি, অলিউদ্দিন শামীম, শ্যালী জামান, দেলোয়ার হুসাইন ও আকবর হুসাইন রবিন প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

