জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশি নাগরিক পরিষদ, ফ্রান্স-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা রাষ্ট্রীয় সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় প্যারিসের ১৯তম প্রশাসনিক এলাকার ১৩ অ্যাভিনিউ দ্য ফ্লান্দ্রের একটি মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশি নাগরিক পরিষদ, ফ্রান্স-এর সভাপতি আবুল খায়ের লস্কর। অনুষ্ঠানে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি সাংবাদিক, আইনজীবী, গবেষক, সমাজকর্মী, ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বাংলাদেশি নাগরিক পরিষদ, ফ্রান্স-এর কার্যকরী সদস্য শহিদুল ইসলামের পরিচালনায় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া। এ সময় এটিএন বাংলার ফ্রান্স প্রতিনিধি রাবেয়া আক্তার সুবর্ণার লিখিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন আদাফ-এর প্রেসিডেন্ট তানভীর ওয়াদুদ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বাগপা)-এর চেয়ারম্যান ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে রাষ্ট্র পরিচালনা নিশ্চিত করতে হলে প্রয়োজন সময়োপযোগী রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার। জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও গণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পথ সুগম হবে বলেও তিনি মন্তব্য করেন।
আলোচনা সভায় বক্তব্য দেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গ্লোবাল কমিউনিটির সদস্য ও সাংবাদিক সরদার হাসান ইলিয়াস (তানিম), অ্যাক্টিভিস্ট মীর জাহান, বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স-এর কার্যকরী সদস্য শহিদুল ইসলাম, মহাকাশ গবেষক ইকরামুল কবির, ফাহিম মাহমুদ, এইড পয়েন্টের পরিচালক ফয়সাল আহমেদ, কাজী শাহীন, মো. জাহিদুল ইসলাম, কার্যকরী পরিষদের সদস্য জিয়াউদ্দিন চৌধুরী, সাংবাদিক অনুক্ত কামরুল এবং অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ।
বক্তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের অন্যতম পূর্বশর্ত হলো বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা। এ লক্ষ্য অর্জনে রাষ্ট্রীয় সংস্কার, সুশাসন, আইনের শাসন, মানবাধিকার রক্ষা এবং জনগণের মতামতের প্রতিফলন নিশ্চিত করতে হবে। তারা জাতীয় স্বার্থে মতপার্থক্য ভুলে বৃহত্তর ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরো বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংকটকালে প্রবাসী বাংলাদেশিরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও দেশের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণ এবং রাষ্ট্র পুনর্গঠনের প্রক্রিয়ায় প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত থাকবে।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী মেহরাব হোসেন, দিদার আলমসহ ফ্রান্সপ্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশি নাগরিক।
সভাপতির সমাপনী বক্তব্যে আবুল খায়ের লস্কর বলেন, দেশের স্বার্থে সব রাজনৈতিক ও সামাজিক শক্তির মধ্যে পারস্পরিক আস্থা ও ঐক্য প্রতিষ্ঠা জরুরি। তিনি প্রবাসীদের দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান এবং অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করা সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে নৈশভোজের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘটে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


