পর্তুগালে রাইড শেয়ারিং খাতে নতুন আইন অনুমোদন হওয়ায় উবার ও বোল্ট চালকদের জন্য পর্তুগিজ ভাষা জানা বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির পার্লামেন্টে গত শুক্রবার (১৭ জুলাই) পাস হওয়া এই আইনের ফলে লিসবন ও পোর্তো শহরে বসবাসরত হাজারো বাংলাদেশি অভিবাসী চালক সংকটে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের অনেকেরই আয়ের প্রধান উৎস রাইড শেয়ারিং খাত।
পর্তুগালে তুলনামূলক ভালো আয়ের আশায় বহু প্রবাসী বাংলাদেশি উবার ও বোল্টের মতো প্ল্যাটফর্মে চালক হিসেবে কাজ শুরু করেন। এই পেশার আয় দিয়েই তারা পরিবারের খরচ চালিয়ে আসছিলেন। তবে নতুন বিধিনিষেধ তাদের কর্মজীবনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
নতুন সংশোধনী বিলটি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ও ডানপন্থি শেগা দলের যৌথ সমর্থনে পাস হয়েছে। আইন অনুযায়ী, এখন থেকে রাইড শেয়ারিং চালকদের বাধ্যতামূলকভাবে পর্তুগিজ ভাষা শিখতে হবে। পাশাপাশি চালকদের ড্রাইভিং প্রশিক্ষণের সময় বাড়িয়ে ন্যূনতম ৫০ ঘণ্টা করা হয়েছে। লাইসেন্সের চূড়ান্ত পরীক্ষায় ৩০ নম্বরের মধ্যে অন্তত ২৭ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
নতুন নিয়মে যাত্রীরা চাইলে অ্যাপের মাধ্যমে পর্তুগিজ ভাষায় দক্ষ চালক বেছে নেওয়ার সুযোগ পাবেন। এতে ভাষা না জানা চালকেরা রাইড পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়তে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে।
এ ছাড়া প্রতারণা ঠেকাতে রাইড শেয়ারিং গাড়িতে স্থায়ী ডিজিটাল স্টিকার ব্যবহারের বিধান রাখা হয়েছে। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে অডিও ছাড়া শুধু ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থাও যুক্ত করা হচ্ছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


