আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজা-সুদানে দেড় লাখ রোজাদারের খাদ্য সহায়তায় টিম হাফেজ্জী

আমার দেশ অনলাইন

গাজা-সুদানে দেড় লাখ রোজাদারের খাদ্য সহায়তায় টিম হাফেজ্জী

পবিত্র রমজান উপলক্ষে যুদ্ধবিধ্বস্ত গাজা ও সংকটাপন্ন সুদানে প্রায় দেড় লাখ রোজাদারের জন্য ধারাবাহিক মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে টিম হাফেজ্জী। খাদ্য নিরাপত্তাহীনতা, চিকিৎসা সংকট ও বাস্তুচ্যুত মানুষের দুর্দশার প্রেক্ষাপটে সংস্থাটি বহুমাত্রিক উদ্যোগ বাস্তবায়ন করছে।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা যায়, সংস্থাটি ইতিমধ্যে গাজায় ১০ হাজার পরিবারকে ২৫ কেজি করে আটা বিতরণ কার্যক্রম শুরু করেছে। পর্যায়ক্রমে এসব পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি গাজা ও সুদানে সবজি, ইফতার সামগ্রী ও জরুরি খাদ্যপণ্য বিতরণ অব্যাহত রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমতি নিয়ে অন্তত ৭টি হাসপাতালে সমন্বিত সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চিকিৎসা সহায়তা, পুষ্টিকর খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সরবরাহ করা হচ্ছে।

সুদানের চলমান গৃহযুদ্ধ ও মারাত্মক মানবিক বিপর্যয়ের মাঝেও টিম হাফেজ্জী স্থানীয় সমন্বয় ও স্বেচ্ছাসেবী নেটওয়ার্কের মাধ্যমে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ পরিবেশেও কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলে খোঁজ নিয়ে জানা যায়।

সংস্থাটির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিটি ভিডিও ও মাঠপর্যায়ের প্রতিবেদনে তারিখ, দিন ও পূর্ণাঙ্গ বিবরণ সংযুক্ত রাখা হয়। প্রতিবছর ডিভিসি হোল্ডার চার্টার্ড একাউন্টেন্টের মাধ্যমে পূর্ণাঙ্গ অডিট সম্পন্ন করা হয়। দেশের শীর্ষস্থানীয় আলেমগণ সংস্থাটির কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন এবং নীতিগত দিকনির্দেশনা প্রদান করছেন।

আইনি পরামর্শ ও কাঠামোগত সহায়তার জন্য দেশের দুইজন সুপরিচিত ব্যারিস্টার জনাব মুহসিন রশীদ ও জনাব আশিকুর রহমান সংস্থাটির আইনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা যায়।

খোঁজ নিয়ে আরও জানা যায়, টিম হাফেজ্জীর কার্যক্রম আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্ব পেয়েছে। আলজাজিরা গাজা থেকে সরাসরি প্রায় ৭ মিনিটের একটি ডকুমেন্টারি প্রতিবেদন প্রচার করেছে, যেখানে সংস্থাটির মানবিক উদ্যোগ তুলে ধরা হয়। এছাড়াও বিবিসি নিউজের বিভিন্ন প্রতিবেদনে তাদের কার্যক্রমের বিষয়টি উঠে এসেছে।

কার্যক্রম বাস্তবায়নে সংস্থার প্রতিনিধিরা সরাসরি মিশরে গিয়ে সমন্বয় করছেন। শুভানুধ্যায়ীদের সহায়তায় বিমানযোগে মিশর হয়ে গাজা ও সুদান ভূখণ্ডে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের সম্পৃক্ত করে আন্তর্জাতিক সমন্বয়ের মাধ্যমে সহায়তা কার্যক্রম বিস্তৃত করা হয়েছে। অনেকেই সরাসরি মিশরে উপস্থিত হয়ে টিমের সঙ্গে সমন্বয় করে সহযোগিতা পাঠাচ্ছেন।

দেশের অভ্যন্তরেও প্রত্যন্ত অঞ্চল, দুর্গম চরাঞ্চল ও নিম্নআয়ের জনগোষ্ঠীর মাঝে খাদ্যবাজার, ইফতার সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় সহায়তা প্রদান করে আসছে টিম হাফেজ্জী।

মানবিক দায়বদ্ধতা, আন্তর্জাতিক সমন্বয়, স্বচ্ছ অডিট ও আইনি কাঠামোর ভেতরে থেকে টিম হাফেজ্জী গাজা, সুদান ও দেশের বিভিন্ন প্রান্তে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে বলে খোঁজ নিয়ে জানা যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন