ফিলিস্তিনের উত্তর ও মধ্য গাজায় রমজানজুড়ে ১০ হাজার পরিবারকে ২৫ কেজি করে আটার বস্তা পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি)। আটার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় বাজারসামগ্রীও দিচ্ছে সংস্থাটি।
সংস্থাটি জানিয়েছে, গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) থেকেই আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে ৩ হাজার পরিবারে আটা বিতরণ সম্পন্ন হয়েছে। বিভিন্ন দেশের মুসলিম শুভানুধ্যায়ীদের সহযোগিতায় মিশর হয়ে সরাসরি গাজায় এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পুরো রমজানে মোট ১০ হাজার পরিবারে আটা পৌঁছে দেওয়াই সংস্থাটির লক্ষ্য। গাজাজুড়ে ইফতারে বিভিন্ন সহায়তা অব্যাহত রেখেছে সংস্থাটি। সুদানেও সমান্তরালভাবে সেবা কার্যক্রম চলমান রয়েছে।
জানা গেছে, যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সংকট চলছে। খেয়ে না-খেয়ে আছে বহু পরিবার। রমজান উপলক্ষে প্রতিটি পরিবারে ২৫ কেজি করে আটা দেওয়া হচ্ছে। ২৫ কেজির আটার বস্তার দাম বাংলাদেশি টাকায় ২,২০০ টাকা। এই মানবিক উদ্যোগে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানিয়েছে টিম হাফেজ্জী।
খাদ্য সহায়তার পাশাপাশি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতিক্রমে সাতটি হাসপাতালে সংস্থাটির কার্যক্রম চলমান রয়েছে। পানি, ইফতার, সবজি ও মুরগি বিতরণসহ আরও কিছু জরুরি সহায়তাও ধারাবাহিকভাবে চালানো হচ্ছে। মাঠ পর্যায়ের সীমাবদ্ধতা ও ঝুঁকির মধ্যেও এসব কার্যক্রম একসঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে।
দেশেও রমজানজুড়ে বৃহৎ পরিসরে ইফতার কার্যক্রম শুরু করেছে টিম হাফেজ্জী। ১ লাখ রোজাদারের ইফতারের ব্যবস্থার পাশাপাশি ৫০০ অসচ্ছল পরিবারকে এক মাসের বাজার তুলে দেওয়া হয়েছে।
সংস্থাটির মহাপরিচালক মুহাম্মদ রাজ বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে গাজা, সুদান ও দেশের অসহায়দের পাশে দাঁড়াচ্ছি। রমজানজুড়ে সাহরি-ইফতার ও নিত্যপ্রয়োজনীয় বাজারসামগ্রী দিচ্ছি। রমজানে আপনার একটি অনুদান গাজার একটি পরিবারের ইফতার-সাহরির ব্যবস্থা করতে পারে। গাজাকে আমরা ভুলিনি, ভুলব না।
উল্লেখ্য, হাফেজ্জী চ্যারিটেবল গাজায় ধারাবাহিকভাবে মাঠ পর্যায়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। মানবিক সহায়তা নিয়ে কাজ করেছে সুদানেও। এ ছাড়া দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য কাজ করছে সংস্থাটি। চিকিৎসা সহায়তা, নওমুসলিমদের সার্বিক পুনর্বাসন, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, নলকূপ স্থাপন, মক্তব ও স্কুল প্রতিষ্ঠা, শীতবস্ত্র বিতরণ, রমজানের বাজার ও ঈদ উপহার বিতরণ করছে অসহায় মানুষের মধ্যে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

