‘গরবিনী মা ২০২৬’ পদক পেলেন বাংলাদেশের অভিনয় ও সঙ্গীতাঙ্গন থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোমনূর মনির কোনালের মা সায়মা মনির মিনু, নাট্যাভিনেতা জিয়াউল হক পলাশের মা ফাতেমা আক্তার পলাশ ও নাটক-চলচ্চিত্রাভিনেত্রী তাসনিয়া ফারিণের মা সৈয়দা শারমিন।
রাজধানীর মহাখালীতে অবস্থিত ‘ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল’-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তীর উদ্যোগে বিগত তেরো বছর যাবৎ বিশ্ব মা দিবসে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে ‘গরবিনী মা ২০২৬’ সম্মাননা পদক প্রদান অনুষ্ঠান। মোট ১১টি ক্যাটাগরিত সফল, প্রতিষ্ঠিত সন্তানদের গর্বিত মায়েদের হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়। যথারীতি সেই ধারাবাহিকতায় এবার ‘গরবিনী মা ২০২৬’ সম্মাননা তুলে দেয়া হয়েছে গত ১০ মে বিশ্ব মা দিবসে মহাখালীর রাওয়া কনভেনশন হলে।
অনুষ্ঠানের ‘গরবিনী মা’ সম্মাননা পদক তুলে দেন প্রধান অতিথি সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি ও বিশেষ অতিথি নরসিংদী-৪ (রায়পুরা) -এর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, অনুষ্ঠানের সভাপতি ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী’ ।
‘গরবিনী মা’র প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘আমাদের হাসপাতালের একটি সামাজিক উদ্যোগ যা বিগত ১৩ বছর ধরে নিয়মিতভাবে প্রদান করা হয়ে আসছে। আমাদের এই আয়োজনে মায়েদের হাতে পদক তুলে দেয়ার পর সন্তানদের কাছ থেকে মাকে নিয়ে অনুভূতি শোনা ছাড়া এই আয়োজনে নাচ, গান কিছু থাকেনা। তারপরও এমন আয়োজন সবসময়ই মায়েদের উপস্থিতিতেই শতভাগ সফল হয়ে আসছে। আমরা গর্বিত মায়েদের হাতে পদক তুলে দিয়ে নিজেরা ধন্য। ‘গরবিনী মা’ পদক প্রদান যুগের পর যুগ চলতেই থাকবে, হয়তো একদিন আমি থাকবোনা তখন আমার ছেলেই এই আয়োজন করবে। আন্তরিক ধন্যবাদ সকল মায়েদের প্রতি কারণ তারা অনেক কষ্ট করে এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ কোনাল, পলাশ ও ফারিণকে। আর সবসময়ে মাথার উপর ছায়া হয়ে যিনি আছেন, যার কারণে আমি যেকোনো উদ্যোগ নিতে সাহস পাই, অনুপ্রাণিত হই তিনি আমার বড় দিদি প্রীতি চক্রবর্তী।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

