কোনাল, আমিনুলের নতুন গান ‘আমার কি হও তুমি’

কোনাল, আমিনুলের নতুন গান ‘আমার কি হও তুমি’

শুধু চলচ্চিত্র নয় সংগীতের সব ক্ষেত্রেই সমানতালে অবদান রেখে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ পাচ্ছে কোনালের নতুন গান ‘আমার কি হও তুমি’। গানটিতে কোনালের সঙ্গে জুটি বেঁধেছেন এই সময়ের প্রতিভাবান কন্ঠশিল্পী আমিনুল ইসলাম।

গানটির কথা লিখেছেন ও সুর করেছেন প্রিন্স রুবেল। সঙ্গীতায়োজনে ছিলেন এস পুলক। মিক্সড এন্ড মাস্টারিং করেছেন তাহান খান তামিম।

বিজ্ঞাপন

ভালোবাসার খুনসুটির গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। ভিডিওতে অভিনয় করেছেন আলভী মামুন ও আঁখি। আছে কোনাল ও আমিনুলের উপস্থিতিও। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।

গানটি নিয়ে কোনাল বলেন, অনেকদিন পর একটি সুন্দর রোমান্টিক গান গাইলাম। আমিনুল ভাইয়ের গায়কি আমাকে মুগ্ধ করেছে। লালমাটি ও সবুজেঘেরা সুন্দর একটি লোকেশনে আমরা গানটির শুটিং করেছি। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’

কোনালের সঙ্গে জুটি বেঁধে উচ্ছ্বসিত আমিনুল জানালেন, ‘কোনাল আপুর সঙ্গে গাইতে পারা আমার কাছে স্বপ্ন পূরণের মত। আপু অনেক হেল্পফুল একজন মানুষ। এত চমৎকারভাবে গেয়েছেন গানটা। আমি চেষ্টা করেছি আমার সেরাটুকু দেওয়ার। আশা করছি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।‘

ধ্রুব মিউজিক স্টেশন জানায়, ১০ জুলাই, বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘আমার কি হও তুমি’ গানটির ভিডিও। এর পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ দেশি ও বিদেশি সব মিউজিক প্ল্যাটফর্মে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন