জনপ্রিয় গীতিকার ও কণ্ঠশিল্পী সুমী শারমীনের কথায় নতুন দুটি ভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন নব্বই দশকের শ্রোতাপ্রিয় শিল্পী আগুন এবং বর্তমান প্রজন্মের মিষ্টি কণ্ঠের গায়িকা প্রিয়াংকা বিশ্বাস। গানগুলোর সুর করেছেন রুমন হায়াত। সম্প্রতি বাংলাদেশ বেতারে গান দুটির রেকর্ডিং সফলভাবে সম্পন্ন হয়েছে।
নিজের লেখা গানে আগুন ও প্রিয়াংকা বিশ্বাসের মতো শিল্পীদের যুক্ত হওয়া প্রসঙ্গে সুমী শারমীন বলেন, ‘শ্রদ্ধেয় আগুন ভাই আমাদের কৈশোরের ভীষণ ভালোলাগার ও ভালোবাসার একজন শিল্পী। বাংলাদেশ বেতারে প্রচারের জন্য প্রিয় এই শিল্পী আমার লেখা একটি গানে কণ্ঠ দিয়েছেন—এটা আমার জন্য এক পরম প্রাপ্তি। এর আগেও অনেক স্বনামধন্য সংগীতশিল্পী আমার গান গেয়েছেন, তবুও আগুন ভাইয়ের কণ্ঠে আমার গান যেন আমার গীতিকবিতাটিকে আরও সার্থক করে তুলল। আগুন ভাই এখনো কী দারুণ গান! আমি মুগ্ধ হয়ে তাঁর কণ্ঠে আমার গান শুনছিলাম। সঙ্গে এই গানে আরও কণ্ঠ দিয়েছেন ভীষণ সুরেলা শিল্পী প্রিয়াংকা বিশ্বাস। আগুন ভাই ও প্রিয়াংকার কণ্ঠে আমার লেখা গান সত্যিই এক অন্যরকম ভালোলাগার আবেগ, যা ব্যাখ্যা করার নয়। আশা করছি গান দুটি প্রচারে এলে শ্রোতাদের খুব ভালো লাগবে।’
নতুন এই কাজের অভিজ্ঞতা জানিয়ে সংগীতশিল্পী আগুন বলেন, ‘গান দুটির কথা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, সেই সঙ্গে এর সুরও দারুণ। আর বাংলাদেশ বেতার তো আসলে আমাদের আবেগের জায়গা; এখানে গান গাইতে এলে কত কত স্মৃতি মনে পড়ে যায়।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

