চলছে চার দিনের মূকাভিনয় কর্মশালা

বিনোদন রিপোর্টার

চলছে চার দিনের মূকাভিনয় কর্মশালা

শব্দহীন এক জগৎ যেখানে কথা বলে চোখ, মুখ আর শরীরের ভঙ্গিমা। সেই নীরব শিল্পকেই নতুন করে ছড়িয়ে দিতে ঢাকায় আয়োজন করা হয়েছে চার দিনব্যাপী একটি মূকাভিনয় (মাইম) কর্মশালা। বাংলাদেশের স্বনামধন্য মূকাভিনয় সংগঠন ‘দ্য মামার্স’-এর উদ্যোগে অনুষ্ঠিতব্য সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে কর্মশালাটি গত বুধবার শুরু হয়। শেষ হবে আগামীকাল।

প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে প্রশিক্ষণ কার্যক্রম। বর্তমান সময়ে যোগাযোগের মাধ্যমগুলো যখন শব্দ আর প্রযুক্তিনির্ভর, ঠিক তখনই মূকাভিনয় আমাদের ফিরিয়ে নেয় ভিন্ন এক অভিব্যক্তির জগতে, যেখানে শব্দ ছাড়াই বলা যায় গল্প। প্রকাশ করা যায় ভালোবাসা, প্রতিবাদ আর প্রতিরোধের মতো অনুভূতি। এ শিল্পকে তরুণ প্রজন্মের কাছে আরো সহজ ও জনপ্রিয় করে তুলতেই এমন আয়োজন।

বিজ্ঞাপন

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকছেন অভিজ্ঞ ও জনপ্রিয় মূকাভিনয়শিল্পী শহিদুল মুরাদ। তিনি বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের প্রশিক্ষক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ভারতের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী। তার অভিজ্ঞতা ও দক্ষতায় অংশগ্রহণকারীরা মূকাভিনয়ের মৌলিক কৌশল থেকে শুরু করে শরীরী ভাষার সূক্ষ্ম ব্যবহার পর্যন্ত বিভিন্ন দিক হাতে-কলমে শিখতে পারবেন।

আয়োজকরা জানান, এ কর্মশালা শুধু অভিনয় শেখার সুযোগ নয়; বরং এটি আত্মপ্রকাশের শক্তিশালী একটি মাধ্যম। এখানে অংশগ্রহণকারীরা নিজেদের অনুভূতি প্রকাশের নতুন ভাষা খুঁজে পাবেন। নীরবতার মধ্যেও যে শক্তিশালী ভাষা লুকিয়ে আছে, সেটিকে সামনে আনতেই এই আয়োজন। তাদের আশা, এ কর্মশালার মাধ্যমে দেশে মূকাভিনয় শিল্পের চর্চা আরো বিস্তৃত হবে এবং নতুন প্রজন্মের শিল্পী তৈরি হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন