কুমিল্লায় বিজিবির অভিযানে প্রায় ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লায় বিজিবির অভিযানে প্রায় ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৯৮ লাখ ৪ হাজার ১৫০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ বাজি, ফুচকা ও বাসমতি চাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে যৌথ অভিযান চালিয়ে ৪০ লাখ ৪ হাজার ৪০০ টাকা এবং পালপাড়া এলাকা থেকে ৫৭ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এই পৃথক অভিযান পরিচালনা করে।

১০ বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৯ অক্টোবর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালমান ফার্সি এবং ব্যাটালিয়নের অ্যাডজুট্যান্টের নেতৃত্বে বিজিবি সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়।

ওই দিন বিকেল ৩টা ৪০ মিনিটে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে ৪০ লাখ ৪ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় বাজি, ফুচকা ও বাসমতি চাল আটক করা হয়।

এর পরদিন একই দিন সন্ধ্যা ৬টায় ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও ৫৭ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় বাজি আটক করে।

দুটি অভিযানে সর্বমোট ৯৮ লাখ ৪ হাজার ১৫০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য আটক করা হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, আটককৃত চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্তে চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন