বিয়ের সাজে পিস্তল হাতে তাসনিয়া ফারিণ

বিয়ের সাজে পিস্তল হাতে তাসনিয়া ফারিণ

বিয়ের সাজে কনে, হাতে ধরা পিস্তল—সম্পূর্ণ ভিন্ন ও চমকপ্রদ এক লুকে খবরের শিরোনাম হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসপিয়া ফারিণ। শুধু ফারিণই নন, তার চারপাশে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে আরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখকে। হঠাৎ এমন ব্যতিক্রমী সব ছবি প্রকাশের পরেই শুরু হয় জল্পনা। অবশেষে জানা গেল, কোনো ব্যক্তিগত বিষয় নয়, বরং জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির নতুন একটি সিরিজের ঘোষণা দিতেই প্রকাশ্যে এসেছে এই লুকগুলো।

আজ ১০ নভেম্বর (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চরকি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে তাদের নতুন অরিজিনাল সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’-র। ডার্ক কমেডি জনরার এই সিরিজটি নির্মাণ করছেন পরিচিত নির্মাতা ইমরাউল রাফাত এবং এর চিত্রনাট্য তৈরি করেছেন নাজিম উদ দৌলা।

বিজ্ঞাপন

দীর্ঘদিন পর ওটিটির কাজে ফেরা নিয়ে নির্মাতা ইমরাউল রাফাত বলেন, ‘সিরিজের ক্রাফটিং একটু কঠিন। প্রত্যেক পর্বে ক্লিপ হ্যাঙ্গার লাগে, লেয়ার থাকা লাগে। ফাইনালি সেরকম একটা গল্প পেয়েছি। অনেক টুইস্ট আছে। সিরিজ তো অনেক রকম হয়, এবার আমরা ডার্ক কমেডি জনরাটা বেছে নিয়েছি। আর এটা আমার জন্য পরিচিত জনরা।’

সিরিজে নিজের চরিত্র ও প্রত্যাশা নিয়ে অভিনেত্রী তাসনিয়া ফারিণ জানান, ‘আমার চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মতো চরিত্রটাও একটু আনকমন। সিরিজটা যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও অনেক ডার্ক এলিমেন্ট আছে। সিরিজে আমার কখনও কমেডি করা হয়নি, এটা হতে ফার্স্ট টাইম। থ্রিলার, মার্ডার-মিস্ট্রি অনেক তো হচ্ছে ওটিটিতে, তাই এবার একটু ডার্ক কমেডি করতে চাইলাম।’

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, “ওটিটি প্ল্যাটফর্মে ডার্ক থ্রিলার বা মিস্ট্রি প্রায়ই দেখা যায়, কিন্তু ডার্ক কমেডি কম। সেজন্যই এবার এই ধরণের কাজ দর্শকদের জন্য নিয়ে আসা। চরকি বরাবরই দর্শকদের ভিন্ন স্বাদের কনটেন্ট দিয়ে আসছে। আমি মনে করি ছকভাঙা ‘ডাকাতিয়া বাঁশি’ সিরিজটিও দর্শকদের নতুন রকমের মজা দেবে।”

সিরিজটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে ফারিণ, শিবলু, রুমেল ও পার্থ ছাড়াও আরও অভিনয় করছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু এবং সাইদুর রহমান পাভেল। চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা জানিয়েছেন, এটি গতানুগতিক কোনো থ্রিলার না হলেও এর চমক ও গল্প দর্শকদের দারুণভাবে বিনোদন দেবে। সিরিজটি খুব শীঘ্রই চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন