পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আজ জনপ্রিয় চিত্রনায়িকা পপির জন্মদিন। বিশেষ এই দিনটি স্বামী ও সন্তানকে নিয়ে দেশের বাইরে উদ্যাপনের ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত ঢাকাতেই কাটাতে হচ্ছে তাকে। জমকালো কোনো আয়োজন না থাকলেও পরিবারকে কেন্দ্র করেই কাটবে তার জন্মদিনের প্রতিটি মুহূর্ত।

অতীত ও বর্তমান জীবন নিয়ে পপি জানান, চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করার সময় জন্মদিন পালিত হতো বেশ আড়ম্বরপূর্ণভাবে। নানা ব্যস্ততা ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিতে নিতেই দিন পার হয়ে যেত। তবে বর্তমানে অভিনয় থেকে দূরে থাকায় তার সমস্ত ব্যস্ততা ও চিন্তাভাবনা এখন কেবলই সংসার ঘিরে।

বিজ্ঞাপন

পপি বলেন, ‘আমার স্বামী আদনান আমার ভীষণ খেয়াল রাখে, আজকের দিনটিও সে আনন্দে ভরিয়ে তুলবে। আমাদের একমাত্র সন্তান আয়াতও এই ছোট্ট বয়সে আমাকে বেশ বোঝে। দুজনকে নিয়ে আশা করছি দিনটি সুন্দরভাবে কেটে যাবে। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে সুস্থ ও ভালো রাখেন।’

উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী তিনটি সিনেমায় শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। হঠাৎ চলচ্চিত্র থেকে আড়ালে চলে যাওয়ায় তার কয়েকটি সিনেমার কাজ স্থগিত হয়ে যায়। আপাতত অভিনয়ে ফেরার কোনো সম্ভাবনা না থাকলেও ভবিষ্যতে প্রযোজক হিসেবে তার ফেরার সুযোগ রয়েছে। এ ছাড়া নিজের বায়োপিকে অভিনয় করার ইচ্ছা রয়েছে জানিয়ে তিনি জানান, এর জন্য ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন