টেইলর সুইফটের নতুন ইতিহাস, ৩৩ পুরস্কার জয়ের রেকর্ড

টেইলর সুইফটের নতুন ইতিহাস, ৩৩ পুরস্কার জয়ের রেকর্ড

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের (ভিএমএ) ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কার জয়ের নতুন রেকর্ড গড়েছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০২৬ সালের জমকালো আয়োজনে একটি বিশেষ সম্মাননা পাওয়ার মাধ্যমে তার মোট ভিএমএ পুরস্কারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩-এ। এর আগে সর্বোচ্চ ৩০টি পুরস্কার নিয়ে শীর্ষস্থানে ছিলেন জনপ্রিয় সংগীত তারকা বিয়ন্সে; তাকে টপকে এখন তালিকার শীর্ষে সুইফট।

সংগীত পরিবেশনের পাশাপাশি চমৎকার মিউজিক ভিডিও নির্মাণ ও দৃশ্যভিত্তিক গল্পবলায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে সুইফটকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

পুরস্কার হাতে নিয়ে আবেগঘন বক্তব্যে সুইফট বলেন, ‘সংগীত ভিডিওর নান্দনিকতা তুলে ধরতে ও শিল্পীদের জন্য দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী মঞ্চ তৈরি করে দেওয়ার জন্য আমি আয়োজকদের প্রতি কৃতজ্ঞ।’ পাশাপাশি নিজের এই অর্জনের সমস্ত কৃতিত্ব ভক্তদের ভালোবাসার প্রতি উৎসর্গ করেন তিনি।

চলতি আসরে সুইফট তার জনপ্রিয় গান ‘দ্য ফেট অব অফেলিয়া’-এর জন্য মর্যাদাপূর্ণ ‘বর্ষসেরা ভিডিও’ (ভিডিও অব দ্য ইয়ার) পুরস্কারও নিজের করে নেন। অনুষ্ঠান মঞ্চে সুইফটের নতুন পরিচালিত গান ‘পেশেন্ট জিরো’-এর মিউজিক ভিডিও প্রথমবার প্রদর্শন করা হয়। ভিডিওটিতে সুইফট ছাড়াও অভিনয় করেছেন ডাকোটা জনসন ও কলিন ফ্যারেল।

প্রায় দুই দশকের সংগীত ক্যারিয়ারে টেইলর সুইফট প্রায় ৬০টির মতো মিউজিক ভিডিও উপহার দিয়েছেন। এর মধ্যে ১৮টি ভিডিওর চিত্রনাট্য লেখা থেকে শুরু করে পরিচালনা—সবটাই তিনি নিজে করেছেন। নতুন এই সম্মাননা ও রেকর্ডের মাধ্যমে সংগীতের পাশাপাশি ভিডিও পরিচালনায় নিজের অবস্থানকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে গেলেন এই পপ মেগাস্টার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন