দুই কোটি টাকা ঘুষ দাবি করা বিপিডিবির সেই নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

দুই কোটি টাকা ঘুষ দাবি করা বিপিডিবির সেই নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

আর্থিক লেনদেন নিয়ে কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচারের পর লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভিডিওতে বিভিন্ন প্রকল্প, ঠিকাদারদের বিল ও আর্থিক লেনদেন নিয়ে আলোচনার একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘আমি দুই কোটি টাকার নিচে নেব না।’

বিজ্ঞাপন

সোমবার বিপিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের এক দপ্তরাদেশে তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।

দপ্তরাদেশে বলা হয়েছে, ‘যেহেতু, জনাব মো. নুরুল আমিন, নির্বাহী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবো, লক্ষ্মীপুর-এর বিরুদ্ধে আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচারিত হওয়ায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি বিধিমালা ১৯৮২-এর ১৪১ (১) নং বিধির অধীনে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘উক্ত বিধিমালার ১৪১ (১) নং বিধি অনুসারে জনাব মো. নুরুল আমিন...কে বিউবোর চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।’

এর আগে রোববার রাতে দৈনিক আমার দেশ পত্রিকার ইউটিউব চ্যানেলে নুরুল আমিনের আর্থিক লেনদেনসংক্রান্ত ওই ভিডিও প্রকাশিত হয়। পরে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

প্রচারিত ভিডিওতে নুরুল আমিনকে বিভিন্ন প্রকল্পের মালামাল, ঠিকাদারদের বিল এবং আর্থিক লেনদেন নিয়ে আলোচনা করতে শোনা যায়। কথোপকথনের একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘আমি ২ কোটি টাকার নিচে নেব না।’

ভিডিও ফুটেজে ঠিকাদারদের বিল পরিশোধ এবং বিভিন্ন প্রকল্পে মালামাল সরবরাহসংক্রান্ত কথোপকথনও রয়েছে।

ভিডিওটি গণমাধ্যমে প্রচারের পর বিষয়টি পিডিবির নজরে আসে। এর পরদিনই পিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তর চাকরি বিধিমালা ১৯৮২-এর ১৪১ (১) বিধি অনুযায়ী নুরুল আমিনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন